রাজ্যে ভোট পরবর্তী হিংসা শিকার মহিলারা, কেন তাদের সুরক্ষার ব্যবস্থা হলো না, ডিজিপিকে নোটিস মহিলা কমিশনের

আমাদের ভারত, ২৫ মে: বাংলার ভোট পর্ব মিটলেও ভোট পরবর্তী হিংসা এবং তা নিয়ে তরজা চলছেই। ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রথম থেকেই সরব রাজ্যের বিরোধী দলগুলি। বার বার তারা রাজ্যের শাসক দলের নেতা কর্মী সমর্থকদের দিকে আঙুল তুলেছেন। এবার এই বিষয়ে সরব হলেন জাতীয় মহিলা কমিশনও। বাংলায় ভোটের পরবর্তী হিংসার শিকার হয়েছেন বহু মহিলা। কিন্তু তাদের সুরক্ষা বা নিরাপত্তার কোনও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ জাতীয় মহিলা কমিশনের। এই বিষয়ে তারা রাজ্যের ডিজিপিকে নোটিশ পাঠিয়েছেন বলে জানা গেছে।

ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটিও গঠন করেছে কমিশন। ওই তদন্ত কমিটি জানিয়েছে, এই রাজ্যে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা শিকার হয়েছে বহু মহিলা। কিন্তু সেই মহিলাদের সুরক্ষার ব্যবস্থা করতে পারেনি প্রশাসন। এমনকি পুলিশ এই ঘটনায় মুখ ফিরিয়ে রেখেছে। তদন্ত কমিটিও এই বিষয়ে পুলিশের কাছ থেকে চূড়ান্ত রিপোর্ট এখনো পায়নি।

তদন্ত কমিটির আরও অভিযোগ মহিলা কমিশনের সঙ্গে কোনো সহযোগিতা করছে না রাজ্য পুলিশ। কমিটির প্রধান রেখা শর্মা জানিয়েছেন, ডিজিপিও তাদের তদন্তকে বিশেষ পাত্তা দেননি। তারপরই মহিলা কমিশন ডিজিপিকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেয়। আগামী ৩১ মে বেলা সাড়ে বারোটার মধ্যে ডিজিপিকে কমিশনের দরবারে হাজির হতে হবে। সঙ্গে নিয়ে যেতে হবে রাজ্যে মহিলাদের ওপর ভোট পরবর্তী হিংসার বিস্তারিত রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *