সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৭ নভেম্বর: জাতীয় ভিজিল্যান্স সপ্তাহ উপলক্ষে ডিভিসির মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের ভিজিল্যান্স ডিপার্টমেন্টের উদ্যোগে সপ্তাহ ব্যাপী সতর্কতা সপ্তাহ পালন করা হয়। আজ পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে তার পরিসমাপ্তি ঘটে।
কেন্দ্রীয় সরকার এবছর ভিজিল্যান্স সপ্তাহ উদযাপনের বিষয় রেখেছিল, “দুর্নীতি মুক্ত ভারত, শক্তিশালী ভারত।” দেশ থেকে দুর্নীতি মুক্ত করতে হলে জাতীয় প্রকল্প গুলির আধিকারিক ও কর্মীদের সৎ ও নিষ্ঠার সাথে কর্ম সংস্কৃতি রূপায়ণ করতে হবে। সর্বোপরি রাষ্ট্রকে দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

এবিষয়ে ডিভিসির মেজিয়া বিদ্যুৎ প্রকল্প কর্তৃপক্ষ সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে তাদের সমস্ত আধিকারিক, কর্মী, ঠিকা সংস্থা গুলিকে যেমন সচেতন করা হয়।এছাড়াও নানা প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৩১ অক্টোবর প্রকল্পের সকলে মিলে বিদ্যুৎ ভবনের সামনে দুর্নীতি থেকে মুক্ত থাকার শপথ নেন। পাশাপাশি ডিভিসির কর্মী, ঠিকা কর্মী ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের জন্য স্লোগান, প্রবন্ধ রচনা, বক্তৃতা, বিতর্ক প্রভৃতি বিষয়ে প্রতিযোগিতার আহ্বান করা হয়।
বিদ্যুৎ প্রকল্পের ভিজিল্যান্স অফিসার পার্থ দাস জানান, আমরা গত এক সপ্তাহ ধরে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা, ঠিকা সংস্থার আধিকারিকদের নিয়ে আলোচনা সভা করেছি। দেশ থেকে দুর্নীতিমুক্ত করতে প্রচার পুস্তিকা বিলি, ফ্লেক্স, ফেষ্টুন দিয়ে নাগরিক সমাজকে সচেতন করতে কর্মসূচি পালন করেছি। রবিবার এমটিপিএস এলাকায় একটি সচেতনতা মূলক পদযাত্রা করা হয়। এতে অংশ নেন বিদ্যুৎ প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার-১ ও প্রকল্প প্রধান সুধীর কুমার ঝাঁ, চিফ ইঞ্জিনিয়ার চৈতন্য প্রকাশ।
ভিজিল্যান্স ডিপার্টমেন্টের কর্মী মাধব মাজি বলেন, আমাদের লক্ষ্য ডিভিসিকে দুর্নীতি মুক্ত করে এগিয়ে নিয়ে যাওয়া।

