জয় লাহা, দুর্গাপুর, ১০ এপ্রিল: জমির মাপজোক সহ জমির দলিল রেকর্ডে জালিয়াতি সহজে ধরতে গলসিতে পালিত হল জাতীয় জরিপ দিবস। সোমবার গলসির সিমনোড় মোড়ে দুই বর্ধমান জেলার আমিনদের নিয়ে পালিত হয় জরিপ দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভূমি রাজস্ব দফতরের প্রাক্তন আরআই গণেশ খাঁ ও হরিশরণ মুখোপাধ্যায়। এছাড়াও এলাকার ৬০ জন আমিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত আমিনদের স্মরণে শোক পালন করা হয়। তারপর আমিনদের নিয়ে আলোচনা পর্ব শুরু হয়।

পশ্চিমবঙ্গ আমিন সমিতির সভাপতি রঞ্জিত ঘোষ জানান, “মূলত জমি জরিপের তাৎপর্য আলেকপাত করা হয়। জরিপের গুরুত্ব ও জমির ম্যাপের উৎপত্তি সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও কিভাবে দলিলে গরমিল ও রেকর্ডে জালিয়াতি সহজে ধরা যায়, সেসব বিষয়ে আমিনদের বোঝানো হয়।”

