ST Commission, Bankura, জেলা শাসক ও পুলিশ সুপার বৈঠকে অনুপস্থিত, ক্ষুব্ধ জাতীয় এস টি কমিশন

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ ফেব্রুয়ারি: জাতীয় এসটি কমিশনের বৈঠকে জেলা শাসক ও পুলিশ সুপার উপস্থিত না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এসটি কমিশনের সদস্য আশা লাকড়া ও অনুপম চাকমা।

তাঁরা জানান যে, বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জনজাতি অধ্যুষিত এলাকার জনজাতি সম্প্রদায়ের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান সহ সামাজিক অবস্থা ও অভাব অভিযোগ খতিয়ে দেখতে তিন দিনের রাজ্য সফরে এসেছেন। আজ বাঁকুড়া জেলার সার্বিক অবস্থা নিয়ে আলোচনার আয়োজন করা হলেও দুঃখের বিষয়, জেলা শাসক এবং পুলিশ সুপার কেউই এই বৈঠকে উপস্থিত ছিলেন না।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁরা বলেন, জেলার জনজাতিদের উন্নয়নে জেলার সর্বোচ্চ কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব রয়েছে। জেলায় জনজাতি এলাকায় এখনও বেশ কিছু এলাকায় পানীয় জলের ব্যবস্থা নেই, মানুষ কুয়োর জল পান ও ব্যবহার করতে বাধ্য হন।

শিউলিবোনা বলে এক গ্রামের উল্লেখ করে তাঁরা বলেন, এখানে পানীয় জলের ব্যবস্থা পর্যন্ত নেই। জেলার ১২১টি আদিবাসী ছাত্রাবাস বন্ধ। উচ্চ শিক্ষায় অলিচিকি ভাষার শিক্ষক নেই। জনজাতি ছেলে- মেয়েরা উচ্চ শিক্ষা পাবে কী করে। এখনো অনেক এলাকায় সেচের অভাবে সঠিক ভাবে চাষাবাদ হয় না। জলাধার থাকলেও সময়ে পর্যাপ্ত পরিমাণে জল মেলে না। কৃষি ঋণের ব্যবস্থা থাকলেও এসব কারণে অনেকেই ঋণ নিতে সাহস করে না। এই বিষয়গুলি জনজাতিদের উন্নয়নে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *