ন্যাশনাল প্রেস ডে! “প্রচারমাধ্যম প্রতিবাদ করলে লাঞ্ছনা নেমে আসছে”— ডঃ পবিত্র সরকার

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ১৬ নভেম্বর: প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া এক স্বাধীন ও দায়িত্বশীল প্রতিষ্ঠান, এর ভূমিকা অত্যন্তগুরুত্বপূর্ণ, বিশেষ করে ভারতের মত এক বিশাল গণতান্ত্রিক রাষ্ট্রে। এটি মূলত সংবাদ মাধ্যমের কাছে এক নৈতিক প্রহরী হিসাবে কাজ করে।

১৬ নভেম্বর প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাদিবসে পালিত হয় ‘ন্যাশনাল প্রেস ডে’। প্রশ্ন উঠেছে প্রচারমাধ্যমের দায়িত্বশীলতা ও মান নিয়ে। এর ঘরানা আগের চেয়ে কতটা বদলেছে?

প্রবীন শিক্ষাবিদ তথা প্রাক্তন উপাচার্য ডঃ পবিত্র সরকার মনে করেন প্রচারমাধ্যম তার কর্তব্যপালনে অনেকটাই বিচ্যুত হয়েছে। তিনি বলেন, “এখনও গোটা পাঁচ সংবাদপত্র রোজ পড়ি। অনলাইনে দুটো ইংরেজি দৈনিক। এখন সংবাদকর্মীদের এই কাগজ পড়ার অভ্যাসটা অনেকাংশেই চলে গেছে। বানান, ব্যাকরণে ভুল বেড়েছে। কবে, কখন, কীভাবে হল— পরিবেশিত বহু খবরে তা জানা যাচ্ছে না। সমস্যাটা বেশি হচ্ছে অনলাইন খবরে। নিঃসন্দেহে প্রচারমাধ্যমের মান নেমেছে। মূলত বিজ্ঞাপনের জন্য বদলেছে প্রচারমাধ্যমের সুর ও স্বর। যাঁরা সত্য বলার চেষ্টা করছে তাঁদের কন্ঠরোধ হচ্ছে। তাঁদের দেশদ্রোহী তকমা দেওয়ার চেষ্টা হচ্ছে। এক ধরণের ভয়ের পরিবেশ। প্রচারমাধ্যম প্রতিবাদ করলে লাঞ্ছনা নেমে আসছে। কেবল এ রাজ্যে নয়, প্রায় গোটা দেশে এক অবস্থা।“

প্রতিকারের পথ কী? পবিত্র সরকারের কথায়, “রাজনৈতিক পরিমণ্ডলের একটা বদল দরকার। তবে শাসক বদল হলেই হবে না। পরিবর্তনের ধরণের ওপর নির্ভর করবে।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *