স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৪ জানুয়ারি: অলচিকি ভাষায় পঠনপাঠন সহ একাধিক দাবিতে আন্দোলনে নামলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এই ইস্যুতে বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করা হয়। ভারত জাকাত মাঝি পরগনা মহল নামে একটি আদিবাসী সংগঠনের ব্যানারে এদিন শুরু হয় আন্দোলন। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি দুইলা মুর্মু। এদিনের এই অবরোধের জেরে অফিস টাইমে আটকে পড়ে যানবাহন।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা সভাপতি দুইলা মুর্মু বলেন, অলচিকি ভাষায় পড়ুয়াদের স্কুলে পঠনপাঠন চালুর জন্য বার বার সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। কিন্তু সেই দাবিকে মান্যতা দেওয়া হচ্ছে না। ফলে আদিবাসী ছেলে মেয়েরা বঞ্চিত হচ্ছে। অন্যান্য ভাষার মাধ্যমের মত প্রাথমিক থেকে উচ্চ বিদ্যালয়ে অলচিকি ভাষাতে অবিলম্বে পঠনপাঠন চালুর দাবি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প থেকে তফশিলি উপজাতিদের নাম কেন বাদ দেওয়া হচ্ছে সেই প্রশ্নও তুলেছেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে আগামীতে রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।


