সাথী দাস, পুরুলিয়া, ১০ মে : ফের জলের দাবিতে পথ অবরোধ হল পুরুলিয়া শহরে। আজ পুরুলিয়া শহরের ১৬ নম্বর ওয়ার্ডের তেলকলপাড়া এলাকার বাসিন্দারা পুরুলিয়া-বাঁকুড়া ৬০(এ) জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, প্রতি বছরই গ্রীষ্মের শুরু থেকে জলকষ্ট লেগেই থাকে, বিশেষ করে ওই এলাকায়। এবছর ঠিক একই ঘটনা ঘটেছে। পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের যোগান নেই।
বিগত দেড় সপ্তাহ ধরে পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে
নলবাহিত জল সরবরাহ একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। ফলে সমস্যায় পড়েছেন ওই এলাকার মানুষ। তাই এদিন নিজেদের দাবি আদায়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তেলকলপাড়া এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরুলিয়া সদর থানার পুলিশ ও পুরুলিয়া পুরসভার একটি প্রতিনিধি দল। প্রায় দেড় ঘন্টা পর জলকষ্টের সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তাঁরা।

পুরুলিয়া পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য কাজল ব্যানার্জি ঘটনাস্থলে গিয়ে বলেন, “যান্ত্রিক ত্রুটি অফ পাইপলাইনের সমস্যার কারণে জল সরবরাহ ব্যাহত হয়। আমরা আপ্রাণ চেষ্টা করছি দ্রুত মেরামত করে জল সরবরাহ স্বাভাবিক রাখার। যদিও এই এলাকার মানুষের কাছে আমরা ট্যাঙ্কে করে জল দিয়ে সাময়িক সমস্যার সমাধানের কথা বলেছি। তারা তাতে রাজি হননি। তবে, কাল থেকেই এই এলাকায় পরিষেবা স্বাভাবিক হবে।”

