জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ আগস্ট: ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসের স্মরণে উত্তোলন করা হল জাতীয় পতাকা।পতাকা উত্তোলন করলেন মন্ত্রী। আর তারপরই বিপত্তি। উড়ল উলটো পতাকা। কোথায় ঘটল এমন কাণ্ড? কেনই বা উড়ল উলটো পতাকা?

জানা গিয়েছে, বুধবার শহিদ ক্ষুদিরাম বসুর ১১৪তম আত্মবলিদান দিবস উপলক্ষ্যে তাঁর জন্মভিটে কেশপুরের মোহবনী গ্রামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোহবনী ডেভলপমেন্ট অথরিটির সভাপতি তথা জেলাশাসক ডক্টর রেশমি কমলের আহ্বানে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা। কিন্তু অনুষ্ঠানের শুরুতেই ঘটল বিপত্তি। উলটো জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায় জেলাশাসক ও রাজ্যের মন্ত্রীকে। যদিও পতাকার দড়ি বাঁধার আগেই নজরে আসে বিষয়টি। সঙ্গে সঙ্গেই বদলে দেওয়া হয় পতাকা।

