কালিয়াগঞ্জের ঘটনার তদন্তে জাতীয় শিশু সুরক্ষা কমিশন

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৩ এপ্রিল: কালিয়াগঞ্জে কিশোরীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় তপ্ত রাজ্য রাজনীতি। একটি মৃত্যুর ঘটনা আজ জায়গা করে নিয়েছে জাতীয় স্তরে। রবিবার জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা ছুটে যান মৃতা কিশোরীর বাড়ি। জাতীয় দুই কমিশনের সদস্যরা কথা বলেন মৃতার পরিবারের সঙ্গে।

শনিবারের পর রবিবারও মৃত্যুর রহস্য উন্মোচনে সিবিআই তদন্তের দাবিতে অনড় থাকেন পরিবারের সদস্যরা। পারিবারের সদস্যদের দাবি, রাজ্য পুলিশ ঠিক মতো তদন্ত করছে না। তাই তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। যাতে প্রকৃত দোষীরা শাস্তি পায়।

অন্যদিকে, জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াংক কানুনগো আজ মৃত কিশোরীর বাড়িতে যান। পরে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “সকালে গিয়ে মৃতার বাড়ির লোক, আত্মীয়-স্বজন,বন্ধুবান্ধব, ও আশেপাশের লোকজনের সাথে কথা বলেছি ও রেকর্ড করেছি। দুদিন আগেই এই কেসের যিনি ইনভেস্টিগেটিং অফিসার ও যে ডাক্তার পোস্টমর্টেম করেছে, পাশাপাশি এই কেসের সাথে যারা যুক্ত আছে তাদের সাথে দেখা করার কথা জানিয়েছিলাম। কিন্তু এখনো পর্যন্ত তারা কেউ দেখা করেনি। অপেক্ষা করছি। তাদের সাথে কথা বলে তারপরেই আপনাদের জানাতে পারব।”

তিনি আরো বলেন, পুলিশ এখনো মৃতার পরিবারের লোকের বয়ান নেয়নি। সেটা পরিবারের লোকেরাই তাঁকে জানিয়েছে। পরিবারের লোকজনের বয়ান না নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছানো প্রশাসনের ঠিক না।

রাজ্য শিশু সুরক্ষা কমিশন প্রসঙ্গে তিনি বলেন, “একজন অযোগ্য মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি রক্ষার জন্য অযোগ্য সরকারের আচরণ নিয়ে কাজ করা কোনও অযোগ্য সংস্থার বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *