আমাদের ভারত, ২১ এপ্রিল: অক্সিজেন লিক করে ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো মহারাষ্ট্রের নাসিক হাসপাতালে। ওই হাসপাতলে অক্সিজেনের অভাবে ইতিমধ্যেই ২২ জন রোগীর মৃত্যু হয়েছে। জানা গেছে রীতিমতো ছটফট করতে করতে তাদের মৃত্যু হয়েছে। ভেন্টিলেশনে থাকা আরও ২৫ জন রোগীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
বুধবার দুপুরে মহারাষ্ট্রের নাসিকে ডক্টর জাকির হোসেন হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে খবর দুপুরে অক্সিজেন ট্যাংকার ভর্তি করা হচ্ছিল। সেই সময় ট্যাঙ্কার থেকে অক্সিজেন লিক করে। সূত্রের খবর ট্যাংকারে ভাল্বে যান্ত্রিক ত্রুটি ছিল। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে দমকলবাহিনী।
#WATCH | An Oxygen tanker leaked while tankers were being filled at Dr Zakir Hussain Hospital in Nashik, Maharashtra. Officials are present at the spot, operation to contain the leak is underway. Details awaited. pic.twitter.com/zsxnJscmBp
— ANI (@ANI) April 21, 2021
দেশে জুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। অক্সিজেনের অভাবে ধুঁকছেন বহু রোগী। অক্সিজেনের যোগানেও ঘাটতি রয়েছে। মহারাষ্ট্রের পরিস্থিতি মারাত্মক। এই পরিস্থিতিতে হাসপাতালে অক্সিজেন ট্যাংকার লিকের ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।
অক্সিজেনের অভাবে হাসপাতালে চত্বরে ত্রাহি ত্রাহি অবস্থা। ইতিমধ্যে ৩১ জনকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি রোগীদের ছোট ছোট অক্সিজেন সিলিন্ডার দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
নাসিকের এই হাসপাতালের দুর্ঘটনা দুঃখ প্রকাশ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ।

