নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৩ এপ্রিল:
আগামী ২৩ এপ্রিল দক্ষিণ কলকাতায় রোড শো করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় সূত্রে খবর, কলকাতার চারটি বিধানসভায় প্রধানমন্ত্রীকে সামনে রেখে রোড শোর আয়োজন করছে বিজেপি। প্রধানমন্ত্রীর রোড শো’র ব্যাপারে ইতিমধ্যেই তাঁর অনুমতি মিলেছে বলে দাবি বঙ্গ বিজেপি নেতৃত্বের।
রাজ্যে একের পর এক সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এখনও কোনও রোড শোতে অংশগ্রহণ করেননি তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যে একের পর এক রোড শো করছেন। শনিবার হাওড়ার উলুবেড়িয়াতে রোড শোয়ে অংশগ্রহণ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী কলকাতায় প্রথম রোড শোটি করছেন ২৩ এপ্রিল। যদিও প্রথমে কথা ছিল দক্ষিণ কলকাতায় একটি সভা করবেন নরেন্দ্র মোদী। পরে বিজেপি নেতারা স্থির করেন সভার থেকে রোড শো করলে কলকাতায় প্রচারের হাইপ আরও বাড়বে। তাই জনসভা ছেড়ে এই সিদ্ধান্ত নিল বঙ্গ বিজেপি। দক্ষিণ কলকাতায় প্রধানমন্ত্রীর রোড শো হলেও এখনই এই নিয়ে কোনও কথা বলছেন না বঙ্গ বিজেপির নেতারা। তাদের রুট প্ল্যান ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে চলে গিয়েছে বলে জানাচ্ছেন মুরলীধর সেন লেনের ম্যানেজাররা। নিরাপত্তার জন্যই তা সামনে আনা যাচ্ছে না বলে দাবি করেছেন বিজেপি নেতারা।

