নামকরণ করা হল বেঙ্গল সাফারি পার্কের রয়্যাল বেঙ্গল টাইগারের চার শাবকদের

আমাদের ভারত, শিলিগুড়ি, ৭ জুলাই: অবশেষে নামকরণ করা হল বেঙ্গল সাফারি পার্কের রয়্যাল বেঙ্গল টাইগারের শাবকদের। চারটি শাবকের মধ্যে দুটো ছেলে ও দুটো মেয়ে। তাদের নাম রাখা হয়েছে শেরা, শিবা, তেজল ও তারা। তবে তাদের এখনই সাফারিতে ছাড়া হচ্ছে না। মায়ের সঙ্গেই এনক্লোজারে রাখা হয়েছে।

সাফারি পার্কের অধিকর্তা দাওয়া শেরপা বলেন, “পার্ক কর্তৃপক্ষই নাম রেখেছে শাবকদের। তারা সকলেই সুস্থ রয়েছে।”

শিলিগুড়ি সংলগ্ন শালুগাড়ায় অবস্থিত বেঙ্গল সাফারি পার্ক। এই পার্কের অন্যতম আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার সাফারি। টাইগার শীলা এপ্রিল মাসে ৫টি শাবকের জন্ম দেয়। তাদের মধ্যে একটি অসুস্থ হয়ে মারা যায়। বাকি চারটি শাবক মায়ের সঙ্গে বেড়ে উঠছে। কিন্তু তাদের নামকরণ না হওয়ায় পার্ক কর্তৃপক্ষের অসুবিধা হত। তারা অপেক্ষায় ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কারণ এর আগে শাবক গুলোর নামকরণ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তবে এবার তিনি নামকরণ না করায় পার্ক কর্তৃপক্ষ নিজেরাই এদের নাম দেয়৷ ইতিমধ্যে শাবকগুলোর প্রথম টিকাকরণ হয়ে গিয়েছে। তাদের সুস্থ রাখার জন্য এনক্লোজারে রেখে নজরদারি চালানো হচ্ছে।

এপ্রসঙ্গে পার্ক অধিকর্তা দাওয়া শেরপা বলেন, “চারটে শাবকের মধ্যে দুটো ছেলে ও দুটো মেয়ে। তাদের নাম শেরা, শিবা, তেজল ও তারা। টিকাকরণের পরেই তাদের নাম দেওয়া হয়েছে। প্রত্যেকে সুস্থ সবল রয়েছে। তার মা শীলাও ভালো আছে। ৮ মাস বয়স হওয়ার পর তাদের মায়ের সঙ্গে সাফারি পার্কে ছাড়া হবে। এখন এনক্লোজারে রাখা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *