আমাদের ভারত, হাওড়া, ১৪ ফেব্রুয়ারি: ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি সারা দেশের সঙ্গে উলুবেড়িয়ায় মানুষ হারিয়েছিল দেশের বীর সন্তান জওয়ান বাবলু সাঁতরাকে। আর শহিদ জওয়ানকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁকে ও তাঁর বীরত্বকে স্মরণ করে রাখতে উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে তার বাড়ির সামনে বসল মূর্তি। রাস্তার নামকরণ হল শহিদ বাবলু সাঁতরা সরণী। রবিবার শহিদ জওয়ানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে উলুবেড়িয়া পৌরসভার ১১ নং ওয়ার্ডের চেঙ্গাইল চককাশিতে তার মূর্তির আবরণ উন্মোচন করা হল। এদিন শহিদ জওয়ানকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিধায়ক পুলক রায়, বিধায়ক ইদ্রিশ আলী, উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক অভয় দাস, পৌরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান, শহীদ জওয়ানের মা বনমালা সাঁতরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিনের এই অনুষ্ঠানে বিধায়ক পুলক রায় অভিযোগ করেন, সেদিনের এই ঘটনায় ৪২ জন জওয়ান শহিদ হওয়ার পর এনআইএ তদন্ত করে ১৩ হাজার ৫০০ পাতার চার্জশিট জমা দিলেও এখনও পর্যন্ত দোষীরা কেউ গ্রেফতার হয়নি। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে কিভাবে জঙ্গীরা এত বিপুল পরিমাণ আরডিএক্স নিয়ে কিভাবে জওয়ানদের বাসের কাছে পৌঁছে গেল সেই নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক পুলক রায়। এদিন বিধায়ক সমস্ত জওয়ানদের নিরাপত্তার দাবি জানান। বিধায়ক বলেন, ঘটনার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে শহিদ জওয়ানের মায়ের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন এবং পাশে থেকেছেন। এদিন বিধায়ক ইদ্রিশ আলী বলেন, ঘটনার পর থেকে আমরা যেরকম পরিবারের পাশে ছিলাম সেইরকম আছি থাকব। উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক অভয় দাস জানান, শহিদ জওয়ান দেশের গর্ব ছিলেন। আমরা তার জন্য কিছু করতে পেরে নিজেদের ধন্য বলে মনে করছি।


