আমাদের ভারত, ৬ আগস্ট: রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে মেজর ধ্যান চাঁদ খেলরত্ন নাম রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার টুইট করে একথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।
তিনি টুইট করে জানিয়েছেন যে, বহু দিন ধরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই পুরস্কারের নাম পরিবর্তনের অনুরোধ আসছিল। দেশবাসীর এই আবেগকে সম্মান করেই তিনি পুরস্কারের নাম পরিবর্তন করলেন।

গত কালই টোকিও অলিম্পিকে ভারতের পুরুষ হকি দল ব্রোঞ্জ পদক জিতেছে। দীর্ঘ ৪১ বছর পর অলিম্পিকে হকিতে দেশকে পদক এনেদিয়েছে মনপ্রীত সিং-য়ের দল। আজ দেশের মহিলা দল জিততে না পারলেও তারা অভূতপূর্ব প্রতিযোগিতা দিয়ে দেশের সন্মান বাড়িয়েছে আন্তর্জাতিক মঞ্চে। এই শুভক্ষণে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানের নাম হকির যাদুকর মেজর ধ্যান চাঁদের নামে করার সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী।
মেজর ধ্যান চাঁদ বিশ্বমঞ্চের একজন সুপরিচিত ভারতীয় হকি খেলোয়াড়। ১৯২৬ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক স্তরে তিনি খেলেছেন। ১৯২৮, ১৯৩২ ও ১৯৩৬ সালে অলিম্পিকে তিনি ভারতকে সোনা জিতিয়েছেন। খেলায় তার অবদানের জন্য ১৯৫৬ সালে তাকে পদ্মভূষণও দেওয়া হয়। তার জন্ম দিন উপলক্ষেই ২৯ আগস্ট দেশে জাতীয় খেলা দিবস পালিত হয়।
এবার থেকে তার নামেই দেওয়া হবে খেলরত্ন পুরস্কার।
এই পুরস্কার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে দেওয়া হয় ১৯৯২ সাল থেকে। এই পুরস্কার প্রথম পান দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। শুরুর দিকে এই পুরস্কার প্রদানের জন্য ১ বছরে পারফরম্যান্সকে বিচার করা হলেও ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে অন্তত ৪ বছরের পারফরম্যান্সকে বিচার করা হয়। প্রতি বছর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া দপ্তর থেকে এই পুরস্কার দেওয়া হয়। একটি পদক একটি মানপত্র ও নগদ ২৫ লক্ষ টাকা খেলোয়াড়দের প্রদান করা হয়।

