জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি: পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পশ্চিম মেদিনীপুর জেলার ৭ টি পৌর এলাকার প্রবেশ পথগুলোতে নাকা তল্লাশি শুরু করেছে জেলা পুলিশ। পাশাপাশি নাগরিকদের ভয় আতঙ্ক কাটিয়ে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এলাকায় এলাকায় শুরু হয়েছে পুলিশের রুটমার্চ।

আজ সন্ধ্যায় মেদিনীপুর শহরের প্রবেশ পথ ধর্মা এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, ডেপুটি পুলিশ সুপার সব্যসাচী সেনগুপ্ত, কোতোয়ালি থানার আইসি পার্থ সারথী পাল এবং টাউন বাবু তরুণ দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অলিতে গলিতে নাকা তল্লাশি এবং রুট মার্চ করে। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় সব রকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

