রাজেন রায়, কলকাতা, ১৯ এপ্রিল: প্রত্যেক দফা ভোটের আগেই পুলিশে কিছু রদবদল করে নির্বাচন কমিশন। ষষ্ঠ দফার ভোটের আগেও ফের বেশকিছু রদবদল করল কমিশন। বদলি করা হল পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ও আসানসোলের সিপিকে। আরও জানা যাচ্ছে, বীরভূমের এসপি ও বোলপুরের এসডিপিওকেও সরিয়ে দেওয়া হচ্ছে। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়কে সরিয়ে দেয় কমিশন। তাঁর বদলে পুলিশ সুপার পদে দায়িত্ব নেন অজিত কুমার সিং।
তবে উল্লেখযোগ্য হল, বীরভূমের পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়েছে নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে, যিনি নন্দীগ্রামে ভোটের দিন মুখ্যমন্ত্রীর ভোট কেন্দ্রের দায়িত্বে ছিলেন।
নন্দীগ্রাম ভোটের দিন নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল। নন্দীগ্রামের নির্বাচনের সকাল থেকেই একেবারে দাবাং স্টাইলে দেখা গিয়েছিল এই আইপিএস অফিসারকে। যখন তপ্ত হয়ে উঠেছিল বয়াল। যখন বুথের বাইরে দীর্ঘক্ষণ হুইল চেয়ারে বসে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন ঘটনাস্থলে গিয়ে তৃণমূল সুপ্রিমোর প্রশ্নের মুখে পড়েছিলেন এই পুলিশ কর্তা। তিনি নেত্রীকে বলেছিলেন, “আমি নিশ্চিত করছি আর কোনও অশান্তি হবে না।”
এই নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেছিলেন আরও একটি কথা। ‘ম্যাডাম, খাকি উর্দিতে দাগ নেব না’- পুলিশ কর্তার বলা এই কথা নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে। সেদিন রণক্ষেত্র নন্দীগ্রামের বয়াল বুথের মধ্যে সকলের নজর কেড়েছিলেন এই অফিসার। বীরভূমের মতো স্পর্শকাতর এলাকাতে নির্বাচন কমিশন যে তাঁর ওপর আস্থা রেখেছে, তা বেশ খানিকটাই স্পষ্ট হল।

