ভোটের মুখে বন্ধ হয়ে গেলো কাঁকিনাড়ার নফরচাঁদ জুটমিল, এলাকায় নেমেছে কমব্যাট ফোর্স ও বসানো হয়েছে পুলিশ পিকেট

আমাদের ভারত, ব্যারাকপুর, ১১ ফেব্রুয়ারি: শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল কাঁকিনাড়ার নফর চাঁদ জুটমিল। পুরানো তাঁত বিভাগ থেকে চায়না বিভাগে স্থানান্তরিত করার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল থেকে বি সিফট এবং রাত ১০ টা থেকে স্যাকিং তাঁত বিভাগের শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছে। যার ফলে ব্যাচিং থেকে উইভিং বিভাগে এর প্রভাব পড়ে। শুক্রবার সকাল থেকে ওই মিলে উৎপাদন স্তব্ধ হয়ে পড়ে। মিল চত্বরে উত্তেজনা থাকায় র‌্যাফ-সহ ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

মিল কর্তৃপক্ষ নোটিশে দিয়ে জানায়, শ্রমিকদের বেআইনি বন্ধের জেরে উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে মিল কর্তৃপক্ষকে। তাই মিলের ওই বিভাগটি বন্ধ করা হবে। আর এই নোটিশ দেখে বাকি শ্রমিকরা কাজে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে, ফলে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেলো এই মিল। যার জেরে কর্মহীন হয়ে পড়লো ৪ হাজার শ্রমিক। তবে ভোটের মুখে মিল বন্ধ হওয়ার ঘটনায় শ্রমিকদের মনে ক্রমেই অসন্তোষ দানা বাঁধছে। তবে সূত্রের খবর, মিল খোলার বিষয়ে মিল কর্তৃপক্ষের সাথে কোনো আলোচনা হয়নি শ্রমিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *