বন্ধুদের সঙ্গে দিঘায় ঘুরতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি নদীয়ার যুবকের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৯ আগস্ট:
ফের দিঘার সমুদ্রে তলিয়ে গেল পর্যটক। স্নান করতে নেমে ঢেউয়ের ধাক্কায় তলিয়ে গিয়ে পর্যটকের মৃত্যু হল বাঙালির প্রিয় দিঘায়। মৃত্যু হয়েছে নদীয়ার বাসিন্দা এক যুবকের।

নদীয়ার কোতোয়ালি থানা এলাকা থেকে মোট আটজন বন্ধু শনিবার দিঘায় বেড়াতে যান। এরপর সকলে মিলে সমুদ্র স্নানে নেমেছিল। স্নানে নেমে ঢেউয়ের ধাক্কায় বেসামাল হয়ে গিয়ে ঋতম সাধুখাঁ নামে তাদের মধ্যে একজন তলিয়ে যায়।

গতকাল রাতেই দীঘা থানায় ঋতমের বন্ধুরা অভিযোগ জানালে দীঘা পুলিশের পক্ষ থেকে তল্লাশি চালানো হয়।
রাতভর খোঁজাখুজি করেও তাঁর খোঁজ পায়নি পুলিশ। আজ সকালে নিউ দিঘার উদয়পুর সি-বিচের কাছ থেকে তাঁর দেহ পাওয়া গেছে। মৃত ঋতমের বয়স ২৩ বছর। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে তাঁর বন্ধুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *