জমি দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার চাকদহ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ জুলাই:
ভাগিরথী শিল্পাশ্রমের জমি দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল নদিয়ার চাকদহের চাঁদুড়িয়া ১ নং অঞ্চলের শ্মশান পাড়া। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যের পরে। স্থানীয়রা জানান, বিশ্ব নামে এক স্থানীয় ব্যক্তি ভাগিরথী শিল্পাশ্রমের জমিতে বেড়া দিয়ে তা দখল করার চেষ্টা করলে স্থানীয় ক্লাব, “আমরা ক’জন” এর সদস্যরা সেখানে ব্যানার টাঙ্গিয়ে দেয় এবং ওই জমি দখলমুক্ত করার চেষ্টা করে। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে যখন তৃণমূল নেতা সংগ্রাম ঠাকুরতা সেখানে আসেন তখন উত্তেজনার সৃষ্টি হয়। এরপর গ্রামবাসীদের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতার বিবাদ শুরু হয়।

স্থানীয় এক যুবক ক্লাবের সদস্য উৎপল মন্ডলের
বাবাকে মারধর করলে এই ঘটনায় গ্রামবাসীরা একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়েন তৃণমূল নেতার উপরে এবং মারপিট শুরু হয়। মারপিট এমন পর্যায়ে পৌঁছায় যে, তা রণক্ষেত্রের চেহারা নেয়। ফলে তৃণমূল নেতার মাথা ফেটে যায় এবং তাকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখান থেকে কল্যাণীর জেএনএম হাসপাতাল তাকে স্থানান্তরিত করা হয়েছে। পাশাপাশি বিশ্ব নামে যে যুবক ভাগিরথী শিল্পাশ্রমের জমি দখল করার চেষ্টা করেছিল সেও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

তৃণমূল নেতা সংগ্রাম গুহঠাকুরতা বর্তমানে কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তৃণমূল নেতা সংগ্রাম গুহ ঠাকুরতা এই নিয়ে চাকদা থানায় অভিযোগ দায়ের করেছে।

অপরদিকে উৎপল মন্ডল জানান, তারা ক্লাবের পক্ষ থেকে গিয়ে ওইখানে ফুটবল মাঠ যাতে কেউ দখল করতে না পারে সে কারণে দুটো ব্যানার লাগিয়েছিল। কিন্তু এই ব্যানার লাগাবার পর বিশ্ব এই ঘটনা তৃণমূল নেতাকে জানালে তৃণমূল নেতা দলবল নিয়ে এসে উৎপলের বাবাকে মারধর করে। সেই খবর পেয়ে গ্রামবাসীরা এসে অতর্কিতভাবে তৃণমূল নেতার উপরে চড়াও হয়। এই ঘটনায় উৎপল এবং তার বাবা দু’জনেই আহত হয়েছে এবং প্রাথমিক চিকিৎসার পর চাকদা স্টেট জেনারেল হাসপাতাল থেকে তাদের ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *