সাথী দাস, পুরুলিয়া, ২১ সেপ্টেম্বর: সূচ কাণ্ডে দোষী সনাতন গোস্বামী ও মঙ্গলা গোস্বামীর মৃত্যু দণ্ডের সাজার মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল তাদের গ্রামে। গ্রামবাসীরা এই রায়কে যথার্থ বলেছেন। কেউ কেউ কঠোরভাবে মৃত্যু হওয়ার দাবি জানান। পুরুলিয়া মফঃস্বল থানার নদীয়াড়া গ্রামে আজকের আলোচনার বিষয় হয়ে উঠে মৃত্যু দণ্ডের সাজা। পাড়ায় আড্ডার ঠেক গুলিতে পুরুলিয়া জেলা আদালতের এই রায় নিয়েই কার্যত আলোচনা চলে।

সনাতনের বড় ছেলে জিতেন ঠাকুর তাঁর স্ত্রী রিঙ্কু, ছোট ছেলের বউ রীনা ঠাকুর মৃত্যু দণ্ডের বিরোধিতা করেন। তাঁদের দাবি, বৃদ্ধাবস্থায় মৃত্যুর বদলে যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিৎ ছিল। কান্নায় ভেঙে পড়েন সাজাপ্রাপ্ত সনাতন গোস্বামীর পরিবার।

সাজাপ্রাপ্ত মঙ্গলার মা মাধুরী গোস্বামী আগেই জানিয়েছিলেন তিন জনের অর্থ্যাৎ সনাতন, তার মেয়ে এবং জামাই লক্ষ্মীকান্ত গোস্বামীর শাস্তি হওয়া উচিৎ।
আজ রায় ঘোষণার পর সাজাপ্রাপ্তদের পক্ষে আইনজীবী শেখর বোস বলেন, “ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে বিষয়টি জানানো হবে। তবে এই রায়ে খুশি নই। এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো।”


