নদিয়া জেলা পরিষদের নতুন সভাধিপতি তারান্নুম সুলতানা মীর ও সহকারি সভাধিপতি সজল বিশ্বাস

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৪ আগস্ট: ১১ জুলাই ভোটের ফলাফল বের হওয়ার পর দেখা যায় তৃণমূল কংগ্রেস নদিয়া জেলা পরিষদের ৫২টি আসনের মধ্যে ৪৬টি আসনে জিতে নদিয়া জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। এরপরই শুরু হয় নতুন বোর্ড গঠন। অবশেষে ১৪ আগস্ট বেলা বারোটা নাগাদ অষ্টম জেলা পরিষদ গঠন হলো নদিয়ায়।

বোর্ড গঠনের প্রথম থেকেই সভাপতি রুপে নাম ভেসে আসছিল আগের বোর্ডের সভাধিপতি রিক্তা কুন্ডু ও তারান্নুম সুলতানা মীরের। বোর্ড গঠনের পরে দেখা যায় প্রত্যাশিতভাবেই সংখ্যালঘু মুখ তারান্নুম সুলতানা মীরের উপরই তৃণমূল দল ভরসা রেখেছে। এবারের ভোটাভুটিতে বিজেপি অংশগ্রহণ না করায় প্রায় সর্বসম্মতভাবেই নদিয়া জেলা পরিষদের নতুন সভাধিপতি নির্বাচিত হয় তারান্নুম সুলতানা মীর। এরপরই দেখা যায় অন্য চমক, সহকারি সভাধিপতি হিসেবে নাম ঘোষণা হয় একেবারে নতুন আনকোরা মুখ সজল কুমার বিশ্বাসের। রানাঘাট ১ নম্বর ব্লক থেকে আসা সজল কুমার বিশ্বাস পঞ্চায়েত ভোটে একেবারে নবাগত প্রার্থী। এবারই প্রথম তিনি জেলা পরিষদের ৩৪ নম্বর আসন থেকে দাঁড়িয়েছেন এবং জিতেছেন। তিনি সাংবাদিকদের জানান যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ারের ফল হিসেবে আমি উঠে এসেছি এবং আমাকে যে গুরুত্বপূর্ণ পদ দল দিয়েছে তা এক কথায় অভূতপূর্ব।

নদিয়া জেলা পরিষদের নতুন সভাধিপতি তারান্নুম সুলতানা মীর জানান, আমি দলের সমস্ত নীতি মেনে মানুষের কল্যাণে কাজ করে যাব। শুধু তাই নয়, সহকারি সভাধিপতি নদিয়া জেলা পরিষদের সকল সদস্য এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে টিম নদিয়া হিসেবে কাজ করে আবার নদিয়াকে ভারতের মধ্যে শ্রেষ্ঠ আসনে পৌঁছোনোর জন্য লড়াই করবো। কালীগঞ্জ ব্লক থেকে জিতে আসা এক সংখ্যালঘু প্রার্থীকে জেলা পরিষদের মুখ্য আসনে পেয়ে স্বভাবতই সংখ্যালঘু সম্প্রদায় ও কালীগঞ্জ নিবাসীরা ভীষণ খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *