স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১ মার্চ:
সোমবার নদীয়া জেলার কৃষ্ণনগরে তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলন হয়। সেখানে নদীয়া জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী রত্না ঘোষ বিজেপিকে বেনজির আক্রমণ করেন। তাঁর দাবি বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্যের মহিলারা অত্যাচারিত ধর্ষিতা হয়েছে। বিচার পায়নি। এমনকি সংবাদমাধ্যমকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। যারা ধর্ষিতা হয়েছে তাদেরকে বিচার চাওয়ার জন্য আইনের দ্বারস্থ হতে দেয়নি বিজেপি। শুধু হাথরাস নয় বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্যে মহিলারা অত্যাচারিত ধর্ষিতা হয়েছে। এরা নারীদের এই ভাবেই দেখে। বিজেপি মনে করে নারীরা রক্ষিতা হিসেবেই থাকুক, নারীরা সমাজে মানুষের উন্নয়নের কথা না ভাবুক, নারী সমাজের অন্ধকার জায়গায় লুকিয়ে থাকুক।

সে কারণেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের জন্য একটার পর একটা প্রকল্প বাস্তবায়িত করেছেন। আজকে বিধবা ভাতা ১৮ বছর থেকে শুরু করে সমস্ত বিধবাদের জন্য তিনি ব্যবস্থা করেছেন। আজকে মেয়েদের জন্য পশ্চিমবাংলায় ৪৮টা থানা তৈরি হয়েছে। কলকাতা এখন ভারতবর্ষের মধ্যে সুরক্ষিত শহর। গত দু’বছর ধরে ভারতবর্ষের মধ্যে সুরক্ষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে কলকাতা। অপরাধ, ধর্ষণ ও নারী নির্যাতনকে দমন করে নিরাপত্তার বাতাবরণ তৈরি করে বাংলাকে একটা সেরা জায়গায় নিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অপরদিকে মিথ্যাচার, কুৎসা, অপপ্রচার ছাড়া এই বিজেপির আর কিছু নেই। আমরা রাজ্যের প্রতিটা নারীকে বলবো সোচ্চার হয়ে রাস্তায় নামুন ২০২১ এ বাংলা থেকে আওয়াজ তুলুন ভারতবর্ষের বুক থেকে এই বিজেপি সরকারকে উৎখাত করুন।

