স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, ১৭ ফেব্রুয়ারি: দলের বিরুদ্ধে যারা নির্দল প্রার্থী হয়েছেন, সেইরকম ২৩ জনকে দল থেকে বহিস্কার করল নদিয়া জেলা তৃণমূল। এদিন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বহিস্কৃত নেতাদের তালিকা প্রকাশ করা হয়। পৌরসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করার পরে একাধিক পৌরসভায় বিক্ষোভ দেখায় তৃণমূল। তাদের একটাই দাবি, প্রার্থী পছন্দ হয়নি। অনেকে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নির্দল প্রার্থী হয়েছেন।
দিন কয়েক আগে পার্থ চট্টোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন যারা দলে থেকে নির্দল প্রার্থী হয়েছেন তাদের ৪৮ ঘণ্টা সময় দেওয়া হল। তারা যদি মনোনয়নপত্র তুলে না নেন তাদের দল থেকে বহিষ্কৃত করা হবে।

এদিন নদিয়ার রানাঘাটের একটি দলীয় বৈঠকে তার বক্তব্যে সীলমোহর দেওয়া হল। যারা দলে থেকে নির্দল প্রার্থী হয়েছেন সেইরকম গোটা নদিয়া জেলার মোট ২৩ জনকে বহিস্কৃত করা হলো।
এদিনের দলীয় বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ মহুয়া মৈত্র সহ নদিয়া জেলা নেতৃত্ব।
বহিস্কৃত করার বিষয়ে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেন, যারা দলে থেকে দল বিরোধী কার্যকলাপ করছিল তাদের বহিস্কৃত করার সুপারিশ এসেছিল জেলা থেকে। রাজ্য নেতৃত্ব মনে করেছে যারা নিজের স্বার্থ নিয়ে রাজনীতি করে তাদের দলে রেখে কোনো লাভ নেই। সেই কারণে তাদের বহিস্কৃত করার অনুমতি দেওয়া হয়েছে।

