কোভিড নিয়ে মানুষের মধ্যে মিথ্যা আতঙ্কের পরিবেশ তৈরি করে বিপথে চালিত করছেন কংগ্রেসের নেতা নেত্রীরা, সোনিয়াকে জবাব নাড্ডার

আমাদের ভারত, ১১ মে:কোভিড নিয়ে মানুষের মধ্যে মিথ্যা আতঙ্কের পরিবেশ তৈরি করে তাদের বিপথে চালিত করছেন কংগ্রেসের নেতা নেত্রীরা। কংগ্রেস সভানেত্রীকে চিঠি লিখে এভাবেই সরকারের উদ্দেশ্যে করা সোনিয়া গান্ধীর কড়া সমালোচনার জবাব দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা লিখেছেন কংগ্রেসের নেতাদের এই সব কাজের জন্যে করোনার বিরুদ্ধে লড়াই আরো কঠিন হয়ে যাচ্ছে।

নাড্ডা তার চিঠিতে সোনিয়া সহ কংগ্রেস নেতা নেত্রীদের আচরণের কড়া সমালোচনা করেছেন এবং কোভিডের দ্বিতীয় ঢেউ ভয়াবহতার দায় ঝেড়ে ফেলার অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে। চিঠিতে নাড্ডা বলেছেন এই কঠিন পরিস্থিতিতে রাহুল গান্ধী সহ কংগ্রেসের নেতা নেত্রীদের আচরণ মানুষ দ্বিচারিতা ও অসার মন্তব্য দৃষ্টান্ত হিসেবে মনে রাখবেন।

সোমবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটি করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী ও তাঁর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছিল। তারপরই মঙ্গলবার সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছেন বিজেপি সভাপতি। নাড্ডা লিখেছেন কংগ্রেস নেতাদের এই আচরণে তিনি বিস্মিত হননি তবে দুঃখবোধ করেছেন।

অন্যদিকে নাড্ডার চিঠি সমালোচনা করে টুইট করেছেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম। বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে তিনি পরামর্শ দিয়েছেন, ভুল তথ্য দিয়ে কংগ্রেস সভানেত্রীকে চিঠি না লিখে, নিউইয়র্ক টাইমসে প্রকাশিত অতিথি নিবন্ধে দুই নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও ডুফলোর লেখাটি পড়ে নিতে পারতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *