‘নবান্ন মেড করোনা’, উৎসব ছাড় নিয়ে ট‍্যুইটে সরব শুভেন্দু

রাজেন রায়, কলকাতা, ২ জানুয়ারি: অন্যান্য রাজ্যে করোনা সংক্রমনের বাড়বাড়ন্তের খবর আসছিল বেশ কিছুদিন ধরেই। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তা বেশ ভালই বোঝা যাচ্ছিল। তারপরেও ভোট রাজনীতির অঙ্কে রাজ্যবাসীকে উৎসবে ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই আজ রাজ্যে কোভিড সংক্রমনের বাড়বাড়ন্তের জন্য দায়ী একমাত্র রাজ্য সরকারই। করোনা সংক্রমনের সাম্প্রতিক ঢেউকে নবান্ন মেড করোনা বলে ট্যুইটে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

গত কয়েকদিন ধরেই রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। এই নিয়ে সরব হয়েছেন বিভিন্ন মহল। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে আংশিক লকডাউন ঘোষণা করে দেওয়া হল। শুভেন্দু অধিকারী একটি ট‍্যুইট করে লিখেছেন, ‘নবান্নর জন্যই রাজ্যে বেড়েছে করোনার সংক্রমণ। বড়দিন, বর্ষবরণ, নববর্ষ উৎসব উদযাপিত হচ্ছে। পালিত হচ্ছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের উৎসব। বিপর্যয় এবং বেহাল জন স্বাস্থ্য ব্যবস্থা সর্বদা এগিয়ে বাংলা। বিধি-নিষেধের ফলে শেষ পর্যন্ত ভুগতে হবে সাধারণ মানুষকে।’

সংক্রমনের গতি রুখতে মরিয়া রাজ্য প্রশাসন। রাজ‍্যে কড়া বিধি-নিষেধ আরোপ করা হতে পারে বলে মনে করা হচ্ছিল। রবিবার মুখ্য সচিবের নেতৃত্বে নবান্নে বৈঠক হয়। তারপরে বিধি নিষেধ চালুর কথা ঘোষণা করেন তিনি। তবে বিরোধী দলনেতা এই পরিস্থিতির জন্য সরাসরিভাবে দায়ী করলেন রাজ্য সরকারকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *