গঙ্গা থেকে মৃতদেহ মানিকচকে ভেসে আসলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ নবান্নের

আমাদের ভারত, মালদা, ১৩ মে: উত্তর প্রদেশ ও বিহারে গঙ্গা নদীতে মৃতদেহ ভেসে থাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক এলাকায়। গঙ্গায় ভাষা মৃতদেহ ভেসে চলে আসতে পারে মানিকচকে। সে ক্ষেত্রে কোনও মৃতদেহ দেখা গেলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।

নবান্ন থেকে মুখ্যসচিব সরকারি ভাবে জেলা শাসকের কাছে এই নির্দেশিকা জারি করেছে। পাশাপাশি ১০ থেকে ১২টি নৌকা নিয়ে মানিকচক, ভূত্নির চড়, গদায় চড় সহ বিভিন্ন জায়গায় নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মানিকচক থানার পুলিশ ও ভূতনি থানার পুলিশ বিভিন্ন জায়গায় নজরদারি বাড়িয়েছে। বিহার হয়ে গঙ্গা নদী মালদা মানিকচকে প্রথম এই রাজ্যে প্রবেশ করে। স্বাভাবিক ভাবে মৃতদেহ যদি ভেসে আসে তা প্রথমেই আসবে মানিকচক এলাকায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা এনিয়ে উত্তর প্রদেশ ও বিহারের সরকারের ওপর দোষারোপ করছে। নদীতে স্নান করতে আসা মানুষের সংখ্যাও কমে গিয়েছে।

মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল বলেন, প্রশাসন সতর্ক রয়েছে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরাও নজরদারি চালাচ্ছি। এলাকার মানুষকে বলা হয়েছে পাশাপাশি যারা নদীতে মাছ ধরতে যায় নৌকা নিয়ে তাদেরও বলা হয়েছে কোথাও যদি মৃতদেহ দেখতে পায় তখনই তারা যাতে পুলিশ প্রশাসনকে জানায়।

ডিএসপি হেড কোয়াটার প্রশান্ত দেবনাথ জানান, নবান্নের নির্দেশ মত গঙ্গায় নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি স্থানীয় মাঝি, জেলেদের সংগঠনের সঙ্গে আলোচনা করা হবে যাতে কোনও মৃতদেহ গঙ্গায় ভাসতে দেখলেই প্রশাসনকে খবর দেয়। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তরের সাহায্য নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *