গ্রামীন সম্পদ কর্মীদের নবান্ন অভিযান

আমাদের ভারত, কলকাতা, ৬ সেপ্টেম্বর: সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠন (ভিআরপি) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়।

পশ্চিমবঙ্গের বঞ্চিত অবহেলিত সম্পদ কর্মীদের দাবি আদায়ের লক্ষ্যে রামলীলা ময়দানে জমায়েত হন তাঁরা। মিছিল অগ্রসর হয়। ২৫ হাজার ২৪০ জন গ্রামীন সম্পদ সংগঠনের রাজ্য সভাপতি ইলিয়াস আলম জানান, আমরা নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে ১৫-১৬ অর্থবর্ষে সামাজিক নিরীক্ষার কাজে যুক্ত হলেও পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আমাদের পতঙ্গ বাহির রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণের কাজে সংযুক্ত করেন। প্রতি মাসে ৫,২৫০ টাকা, দিন প্রতি ১৭৫ টাকা যা বর্তমান দ্রব্যমূল্যের বাজারে চালাতে
অনুপযুক্ত।

সংগঠনের সম্পাদক অমিত সরকার জানান, মুখ্যমন্ত্রী গত লোকসভা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের পর একটি পদ্ধতির মধ্যে নিয়ে আসবেন আমাদের। কিন্তু কয়েক বছর কেটে গেলেও এখনো কোনো পদ্ধতির মধ্যে আমরা অন্তর্ভুক্ত হইনি। তাই আমরা নবান্ন অভিযানের ডাক দিয়েছি।

সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফে লক্ষ্মীকান্ত দত্ত জানালেন, মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি। আমরা ৬২ বছর পর্যন্ত কর্মসংস্থান, স্থায়ীকরণ, সম্মানজনক মাসিক বেতন, নিয়মিত সরকারি সমস্ত প্রকল্পে সামাজিক নিরীক্ষা চালু করা প্রভৃতির দাবিতে আন্দোলনে সামিল হয়েছি।

সংগঠনের চেয়ারম্যান সুজাউদ্দিন আহমেদ জানান, আমরা নির্দিষ্ট কয়েকটি দাবি সরকারের কাছে রেখেছি তা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে।

সমাবেশে উপস্থিত ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্ব হরিসাধন রুইদাস। তিনি বলেন, এ লড়াই অন্নহীনের মুখে অন্ন সংস্থানের লড়াই, পেটে ভাত যোগাড়ের লড়াই, খেয়ে পরে বেঁচে থাকার লড়াই।

সংগঠনের রাজ্য সহ সম্পাদক প্রসেনজিৎ ঘাটা বলেন, প্রতি সপ্তাহে একদিন করে ছুটি আমাদের দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *