রাজেন রায়, কলকাতা, ২৬ সেপ্টেম্বর: সরাসরি পশ্চিমবঙ্গে প্রভাব না পড়লেও রবিবার রাত থেকে হওয়ার কথা আবহাওয়ার পরিবর্তন। রবিবার এবং সোমবার আবহাওয়া দপ্তর জারি করেছে হলুদ সর্তকতা। মঙ্গলবার জারি করা হয়েছে কমলা সতর্কতা। বুধবার দুপুর পর্যন্ত দুর্যোগের ঘনঘটার আশঙ্কা থাকবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
পরিস্থিতি মোকাবিলায় নবান্নের কন্ট্রোল রুম ইতিমধ্যেই খোলা রয়েছে। এদিকে বিপর্যয় মোকাবিলা করার জন্য চারদিনে দু’বার দক্ষিণ বঙ্গের জেলাশাসকদের সাথে বৈঠক করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। নবান্ন সূত্রে খবর, বৈঠকে সবকটি জেলা প্রশাসনের সমস্ত আধিকারিকদের সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই সব রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে ৫ অক্টোবর পর্যন্ত। তবে শুধু নবান্ন নয়, ছুটি বাতিল করা হয়েছে কলকাতা পুরসভার কর্মীদেরও। ঘুর্ণিঝড় “গুলাব” ও জোড়া নিম্নচাপের জেরে রেড অ্যালার্ট জারি হয়েছে কলকাতা সহ দক্ষিণ বঙ্গ বেশ কয়েকটি জেলায়।
গুলাবের জেরে দুর্যোগের আশঙ্কায়, কাঁচা বাড়িতে যারা থাকেন তাদের আজ সকাল থেকেই নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিটি জেলা প্রশাসনকে। বুলবুল, আমফান বা ইয়াসের ক্ষেত্রে সঠিক প্ল্যান অনুযায়ী কাজ করায় ক্ষয়ক্ষতি অনেকটাই আটকানো গিয়েছে। এবারও সেই প্রস্তুতি সবাইকে নিতে হবে।
২৬ তারিখ সকাল থেকে ২৭ তারিখ সকালের মধ্যেই পুলিশ প্রশাসন, পঞ্চায়েত ও কন্ট্রোল রুমের মধ্যে সমন্বয় রেখে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে নদীর তীরবর্তী এলাকায় মাইকিং প্রচার চালানো হচ্ছে।

