পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৮ আগস্ট: রাস্তার ধার থেকে বাইক আরোহীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। খুনের অভিযোগ পরিবারের লোকেদের। সোমবার এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের দীপখণ্ডা গ্রাম পঞ্চায়েতের মাঝিখণ্ডা এলাকায়।
পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম প্রেমজিৎ রায়(৩১), বাবার নাম নবানু রায়, বাড়ি হরসুরা অঞ্চলের শান্তিরহাটি এলাকায়। এদিন সকালে বাইক সহ রাস্তার উপরে মৃত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এমনটা অনুমান করে তপন থানার পুলিশকেও খবর দেন স্থানীয়রা। যে খবর পেয়েই তড়িঘড়ি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় পুলিশ।
যদিও এই ঘটনা নিয়ে সরাসরি খুনের অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের লোকেরা। তাদের দাবি, পোলট্রি ব্যবসায়ী প্রেমজিতকে ওইদিন গভীর রাতে তার এক বন্ধু ডেকে নিয়ে গিয়েছিল। তারপরেই সাত সকালে বাড়ি থেকে কিছুটা দূরে তার দেহ উদ্ধারের খবর আসে। পুরো বিষয়টি পরিকল্পনা করেই করা হয়েছে বলেও দাবি করেছেন মৃতের পরিবারের লোকেরা। যে ঘটনা নিয়েই তদন্তে নেমেছে তপন থানার পুলিশ।
মৃতের আত্মীয় অভিজিৎ রায় ও বিদ্যুৎ রায়রা বলেন, দুর্ঘটনা দেখাবার চেষ্টা করা হয়েছে। মাথায় আঘাত করেই পরিকল্পনা মাফিক খুন হয়েছে প্রেমজিত। তার নিকট এক বন্ধু মধ্যরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল। যিনিই একাজে ওতপ্রোতভাবে জড়িত বলেও দাবি তাদের। ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করবেন তারা।
তপন থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের মাধ্যমে ঘটনার তদন্তে নামা হয়েছে। এনিয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি তারা।

