পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১২ ডিসেম্বর: মায়ের দুধ খাবার পরেই শিশুপুত্রের রহস্য মৃত্যু। সোমবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের দামা ঘুঘুডাঙ্গা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই সদ্যোজাত শিশুর নাম সঞ্জু মাহাত, মাত্র ১ মাস ৮ দিন বয়স ছিল তার।
পরিবারের লোকেদের দাবি, রাতে স্বাভাবিক ছিল ছোট্ট সঞ্জু। এদিন সকালে মা পলি মাহাতো তাকে দুধ খাইয়ে বাথরুমে গিয়েছিল। সেই সময় বাবা সঞ্জয় মাহাত দেখতে পান ছোট্ট সঞ্জুর অসুস্থ হওয়ার বিষয়। তড়িঘড়ি টোটো করে তাকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেছে। একমাত্র সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে মা পলি মাহাতো। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার সহ এলাকাতেও।
মৃত শিশুর বাবা সঞ্জয় মাহাতো বলেন, ছেলেটি সুস্থই ছিল। মা দুধ খাইয়ে বাথরুমে যাবার পরেই তাকে অসুস্থ দেখেন। তড়িঘড়ি হাসপাতালে এনেও শিশুটিকে বাঁচাতে পারেননি তারা। কিভাবে ছেলেটি মারা গেল তা তারা বুঝে উঠতেই পারলেন না।

