ডালখোলায় বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যু, গাছ থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৫ এপ্রিল: এক বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার বাজারগাঁও গ্রামপঞ্চায়েতের বেগুয়া এলাকার সিতাইদীঘি গ্রামে। আজ সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি বাগানের গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয় সত্যজিৎ সিংহ নামে ওই বিজেপি কর্মীর। মৃতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন মিলেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। পরিবারের লোকজন থেকে শুরু করে স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা বিজেপি কর্মী সত্যজিৎ সিংহকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বেড়িয়েছিলেন ডালখোলা থানার বেগুয়া এলাকার সিতাইদীঘি গ্রামের বাসিন্দা এলাকার সক্রিয় বিজেপি কর্মী সত্যজিৎ সিংহ। এরপর আর তাঁর কোনও খোঁজ মেলেনি। সোমবার সকালে বাড়ি থেকে দুশো মিটার দূরে একটি বাগানের গাছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় মনিহারী দোকানের ব্যাবসায়ী বিজেপি কর্মী সত্যজিৎ সিংহের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে দাবি, বন্ধুবান্ধবের সাথে প্রচুর মদ্যপান করেছিল সত্যজিৎ। তাঁর শরীরে ও মাথায় আঘাত ছিল। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা বিজেপি কর্মী সত্যজিৎ সিংহকে মদ্যপান করিয়ে খুন করে ঝুলিয়ে দিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি করেছে বিজেপি। যদিও তৃণমূল কংগ্রেস জানিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন অভিযোগ। তৃনমূল কংগ্রেস জানিয়েছে, এটা আত্মহত্যার ঘটনা। কোনও বিজেপি কর্মী আত্মহত্যা করলেই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে। পুলিশের দাবি, এটা নিছকই আত্মহত্যার ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *