গোপীবল্লভপুরে এক মহিলার রহস্য জনক মৃতদেহ উদ্ধার

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩০ এপ্রিল: ভরদুপুরে গোপীবল্লভপুরের ব্যস্ততম এলাকা থেকে রহস্যজনকভাবে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। তীব্র গরমের ফলে হিট স্ট্রোক হয়ে মহিলার মৃত্যু হয়েছে কি না তা নিয়ে উঠছে প্রশ্ন।

জানা গেছে, শনিবার দুপুরে গোপীবল্লভপুরের সব থেকে ব্যস্ততম এলাকা হাতিবাড়ি মোড়ের কাছাকাছি থাকা এলআইসি অফিসের সামনে থেকে ওই মহিলাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তখন খবর দেওয়া হয় গোপীবল্লভপুর থানার। খবর পেয়ে পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।মৃত মহিলার নাম যমুনা সিং। স্বাভাবিকভাবেই তীব্র গরমের মধ্যে দুপুর বেলা মহিলার মৃতদেহ উদ্ধার হওয়ায় মহিলার হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনাকে নিয়ে গোপীবল্লভপুর বাজার এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও মহিলার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো চিকিৎসকরা কিছু জানাননি বলে দাবি মৃতার ছেলের।

তার দাবি, মা অনেকদিন আগে আলাদা থাকতেন। এদিন হঠাৎ করে মৃত্যুর খবর পাই। তবে পুলিশ সুত্রে খবর, ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তাই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিট হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *