আমার ফোনও ট্যাপ করছে’, সেলোটেপ ঢাকা মোবাইলের ক্যামেরা দেখালেন মুখ্যমন্ত্রী

রাজেন রায়, কলকাতা, ২১ জুলাই: পেগাসাসের মাধ্যমে নেতা মন্ত্রী, সাংবাদিকের মোবাইলে নজরদারি নিয়ে গত কিছুদিন ধরেই উত্তাল সংসদ। একুশে জুলাই সভামঞ্চে থেকে সেই বিষয়টিও উত্থাপন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের মোবাইল তুলে দেখালেন, মোবাইলের ফোনের ক্যামেরা সেলোটেপ দিয়ে ঢাকা, যাতে তাঁর ফোনে এরকম কিছু ঢুকে পড়লেও কোনোভাবেই তা কাজ করতে না পারে।

তাঁর ওপরেও নজরদারি চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর ফোনও ট্যাপ করা হয়েছে। আর ব্যক্তিগত সুরক্ষার জন্য তাই নিজের মোবাইল ফোনের ক্যামেরা সেলোটেপ দিয়ে বন্ধ করে দিয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধী নেতা থেকে শুরু করে শিল্পপতি, সাংবাদিকদের ফোন হ্যাক করার অভিযোগ উঠেছে ইজরায়েলী স্পাইওয়্যার পেগাসাসের বিরুদ্ধে। অভিযোগের আঙুল উঠছে কেন্দ্র তথা শাসক বিজেপির বিরুদ্ধেও। মঙ্গলবার তৃণমূলের তরফে দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন ট্যাপের চেষ্টাও করা হয়েছে। এবার ২১ জুলাইয়ের মঞ্চে তৃণমূল সুপ্রিমো বিজেপিকে একহাত নিয়ে বলেন, নির্বাচন জয়ের জন্য ওরা যা ইচ্ছা তাই করেছে। তাঁর কথায়, “ভাবুন, আমি যদি অভিষেককে ফোন করে থাকি, আমার ফোন আর অভিষেকের ফোন ট্যাপ হয়েছে। আমাদের কথাবার্তা সব আড়ি পেতে শুনেছে।সুপ্রিম কোর্টের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, এই নজরদারি থেকে দেশকে বাঁচান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *