সাথী দাস, পুরুলিয়া, ১২ জুলাই: দুর্নীতির কারণে জমির নাম পত্তন করাতে এসে নিরাশ হয়ে বাড়ি ফিরেছেন বহু কৃষক। দালালদের ক্ষপরে পড়ে হয়রানির শিকার হয়েছেন বহু মানুষ। ভূমি সংস্কার দফতরগুলি ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল। এই খবর যায় রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যাযয়ের কাছে।
চলতি বছরের ৩০ মে পুরুলিয়ার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে সতর্ক করে দ্রুত নির্দেশ দেওয়ার পরই কাজ হয়। মাত্র এক মাসের মধ্যেই রঘুনাথপুর ২ নম্বর ব্লকের ভূমি দফতরে ৪২৭টি মিউটেশন হয়ে জমির মালিকানার পরচা হাতে পেলেন জমির উত্তরাধিকারী ও মালিকরা।
রঘুনাথপুর ২ ব্লকের বিএলআরও নির্মল কুমার দে জানান, “মুখ্যমন্ত্রীর ৩০ মে পুরুলিয়ার প্রশাসনিক বৈঠকের পর আজ পর্যন্ত ৪২৭টি মিউটেশন করা হয়েছে জমির মালিকদের।”
এই পরিস্থিতিতে খানিকটা স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। তবে, ভূমি সংস্কার দফতরের ভাবমূর্তি কতটা উজ্জ্বল হবে তা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে স্থানীয়দের।

