নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩০ আগস্ট: সংখ্যলঘু অধ্যুসিত জেলা মুর্শিদাবাদে যাত্রা শুরু করল সংঘ ঘনিষ্ঠ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। রবিবার প্রায় ৪০০ জন সংখ্যালঘু সংঘ ঘনিষ্ঠ সংগঠনটিতে যোগদান করেন। নবাবের জেলার দায়িত্ব দেওয়া হয় ইউনুস শেখকে। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চে যোগদান করে তিনি বলেন, আমাদের জেলায় সংখ্যালঘুদের জন্য কিছু করেনি রাজ্যের শাসক দল। সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন না হওয়ায় ক্রমেই পিছিয়ে পড়ছে এই জেলা। সংখ্যালঘুদের উন্নয়নের জন্যই আমরা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চে যোগদান করেছি। খুব শীঘ্রই আমরা মুর্শিদাবাদ জেলায় প্রত্যেক ব্লকে কমিটি গঠন করবো।
সংখ্যালঘু জেলায় সংগঠনের যাত্রা নিয়ে রাজ্যের সংযোজক আলি আবজল চাঁদ বলেন, এই জেলায় তিনটি লোকসভা রয়েছে। রয়েছে ২২টি বিধানসভা। তারমধ্যে ৬৬.২৭ শতাংশ রয়েছে সংখ্যলঘু ভোট। আর সংখ্যালঘু ভোট টানতে সব রাজনৈতিক দল নিজেদের মতো করে চেষ্টা করে। তারমধ্যে ২০২১ এর আগে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এদিন যাত্রা শুরু করল। আমরা মানুষের কাছে গিয়ে জানাবো বাম আমলেও সংখ্যালঘুদের জন্য কিছু হয়নি। তৃণমূলের আমলেও হয়নি। তারপর মানুষ সিদ্ধান্ত নেবে বলে জানান মুসলিশ রাষ্ট্রীয় মঞ্চের রাজ্য সংযোজক আলি আবজল চাঁদ।

