করোনা মোকাবিলায় এবার বাড়িতেও মাস্ক পরার পরামর্শ দিলো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

আমাদের ভারত, ২৬ এপ্রিল:দেশজুড়ে করোনার বাড়বাড়ন্ত রুখতে এবার বাড়ির ভেতরেও মাস্ক পড়ে থাকার পরামর্শ দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রের পরামর্শ সংক্রমণের হাত থেকে বাঁচতে বাড়ির বাইরে তো বটেই ঘরের মধ্যেও মাস্ক পড়ে থাকুন।

সোমবার দেশে করোনা পরিস্থিতি নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন নীতি আয়োগের সদস্য বিকে পল। তিনি বলেন, “সংক্রমণ এড়াতে অযথা বাড়ির বাইরে যাবেন না। করোনার এই পরিস্থিতিতে বাড়িতে অতিথিদের আমন্ত্রণ করা ভুলে যান।” একই সঙ্গে তাঁর পরামর্শ,” পরিবারের কারও করোনা ধরা পড়লে অন্যরা সব সময় মাস্ক পড়ে থাকুন। সংক্রমিতকে আইসোলেশনে রাখুন। কারণ ঘরের ভিতরেও সংক্রমণ ছড়াতে পারে। আমি এও বলব যে বাড়ির মধ্যে মাস্ক পড়ে থাকার সময় এসেছে।”

প্রায় একই রকম পরামর্শ দিয়েছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। তিনি বলেন করোনার উপসর্গ দেখা দিলেই নিজেকে আইসোলেট করুন। করোনার রিপোর্টের জন্য অপেক্ষা করবেন না। উপসর্গ দেখা দিলে মনে করুন যে করোনায় আক্রান্ত হয়েছেন।

মাস্ক না পড়লে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় বলেও জানিয়েছেন কেন্দ্র সরকারের যুগ্ম-সচিব লভ আগারওয়াল। তিনি বলেন, সমীক্ষাতে উঠে এসেছে যারা মাস্ক পড়েন না বা সামাজিক দূরত্ব বজায় রাখেন না এমন দুজন ব্যক্তির মধ্যে সংক্রমিত হওয়ার ঝুঁকি ৯০%। মাস্ক পড়ে থাকলে সেই ঝুঁকি তিরিশ শতাংশ কম থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *