আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৭ মে: তমলুকে ঘূর্ণিঝড় বিধস্ত মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। ঘূর্ণিঝড় যসের ফলে প্রবল প্লাবন দেখা দেয় তমলুকের রূপনারায়ণ নদীতে। তমলুকের রূপনারায়ণ নদী তীরবর্তী তাম্রলিপ্ত পৌরসভার ১৪,১৮ নম্বর ওয়ার্ড সহ একাধিক এলাকা প্লাবিত হয়। বহু বাড়িতে জল ঢুকে পড়ার পাশাপাশি নদী তীরবর্তী একাধিক কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অনেক মানুষকে পৌরসভার তরফ থেকে আশ্রয় শিবিরে এনে রাখা হয়।

সম্প্রতি সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী ঘূর্ণিঝড় বিষয়ে ফেসবুকে লাইভে ছিলেন। সেখানে অনেক মানুষ তমলুকের ছবি তাঁকে পাঠান। পাশাপাশি তাঁর ফাউন্ডেশন থেকে সাহায্যের আর্জি জানান। আজ তিনি তমলুকের নদী তীরবর্তী একাধিক ক্ষতিগ্রস্ত বাড়ি ও ছোট ক্যাম্পগুলিতে যান। ক্ষতিগ্রস্তদের হাতে শুকনো খাবার, পানীয় জল, ওষুধ তুলে দেন। প্রায় ৫০০ জন ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করেন তিনি। এর পাশাপাশি কয়েকজনকে আগামী দিনে আর্থিক সাহায্য করবেন বলেও জানান।


