সাথী দাস, পুরুলিয়া, ৬ ডিসেম্বর: তিন সপ্তাহ ধরে নোংরা জল সরবরাহ হচ্ছে পুরুলিয়া শহরের একাংশে, গা নেই পুরসভার। এই নিয়ে পুরসভার বিরুদ্ধে ক্ষোভ দেখা দিয়েছে। পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের একাংশে এই সমস্যায় ভুগছেন বাসিন্দারা। মূলত পুরসভার নলবাহিত পানীয় জলের উপরই নির্ভর বাসিন্দারা। ওই ওয়ার্ডের সরকার পাড়া, চাষা পাড়া এলাকায় রাস্তার টাইম কলগুলিতে সকালে জল পড়ে। নোংরা ঘোলা জল শুরু থেকেই পড়তে দেখা গিয়েছে।

স্থানীয় বাসিন্দা সুচিতা পান্ডে, রিতা মোদক বলেন, “আমাদের বাড়িতে ফিল্টার নেই, এই জলই খেতে বাধ্য হচ্ছি। ঝুঁকি থাকলেও কোনও উপায় নেই।” পুরসভার উপর ক্ষোভ প্রকাশ করে তাঁরা বলেন, “তিন সপ্তাহ ধরে নোংরা জল সরবরাহ হচ্ছে অথচ নির্বিকার পুরসভা। এত উদাসীনতা কেন?”

স্থানীয় বাসিন্দা ও কাউন্সিলর বৈদ্যনাথ মণ্ডল বলেন, “বিষয়টি নিয়ে উদ্বেগে আমরাও রয়েছি। পুরসভার জল সরবরাহ বিভাগের কর্মীরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন।”
পুরপ্রধান নবেন্দু বলেন, “পাইপ লাইনের কোথায় গন্ডগোল আছে তা খোঁজা শুরু হয়েছে। দ্রুত সমাধান হয়ে যাবে।”

