নির্বাচনী প্রচারে নেতা-মন্ত্রীদের আগমনে সরগরম পশ্চিম মেদিনীপুরের সাতটি পৌরসভা এলাকা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ ফেব্রুয়ারি: আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পৌরসভার নির্বাচনের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলায় ৭ টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রচারে রাজনৈতিক দলগুলি কোনোরকম খামতি রাখছে না। সকাল থেকে রাত পর্যন্ত পদযাত্রা, পাড়া বৈঠক, রোড শো করছে। প্রচারে নেতা-মন্ত্রীদের আগমনে সরগরম পৌরসভার এলাকার অলিগলি।

বৃহস্পতিবার সকাল থেকে মেদিনীপুর শহরের ১ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনিমা সাহার প্রচার ছিল জমজমাট। ৫ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী কুহেলী দত্তর প্রচারে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ১২ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশীষ দাস বাড়ি বাড়ি বুথ স্লিপ দিয়ে জনসংযোগ করেন। এই ওয়ার্ডে প্রচারের দৌড়ে তিনিই এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। প্রচারের ফাঁকে সাংবাদিকদের তিনি তার আগামী দিনের পরিকল্পনা জানান।

উল্লেখ্য, এই ওয়ার্ডটি শহরের ২৫ টি ওয়ার্ডের মধ্যে একটি বিতর্কিত ওয়ার্ড। শহরের বেশিরভাগ সমাজ বিরোধীদের আশ্রয়স্থল হিসেবে এই ওয়ার্ডের বটতলা এলাকা পরিচিত। বিরোধীদের অভিযোগ, বিদায়ী কাউন্সিলরের মদদপুষ্ট তারা। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের অভিজ্ঞতা বলছে বিগত ৮ বছর ধরে শহরের মধ্যে যত খুন, রাহাজানি, অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে তার মধ্যে ৯০ শতাংশ ঘটনা এই ওয়ার্ডে ঘটেছে। ওই এলাকার সাধারণ মানুষ তাই আতঙ্কে থাকেন। 

দেবাশীষ জানান, জিতলে মূল কাজ হবে অসামাজিক কার্যকলাপ বন্ধ করা, নেশাগ্ৰস্ত মানুষদের মূল শ্রোতে ফিরিয়ে আনা।

২ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মিতালী ব্যানার্জির সমর্থনে রোড শো করেন স্থানীয় বিধায়িক জুন মালিয়া। অন্যদিকে ১৪ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সংঘমিত্রা পালের সমর্থনে ভোট প্রচার করেছেন জেলা সভাপতি সুজয় হাজরা। ৫ নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী বিদ্যুৎ বিকাশ ভট্টাচার্যের সমর্থনে কর্মী-সমর্থকরা মিছিল করেছেন। পাশাপাশি খড়্গপুর শহরের ৬ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রাক্তন চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার এবং ১৭ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা জেলা নেতা দেবাশীষ চৌধুরীর স্ত্রী নমিতা চৌধুরীর সমর্থনে প্রচার করেন দলের কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *