পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৯ ডিসেম্বর: মন্ত্রীর “মা ক্যান্টিন” এর উদ্বোধন’কে ঘিরে দ্বিধাবিভক্ত বালুরঘাট পুরসভা। মঞ্চে উঠলেন না ভাইস চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলর। প্রকাশ্যে এল বালুরঘাটে তৃণমূলের দ্বিধাবিভক্ত রাজনীতি। যদিও নিজের ওয়ার্ডের একটা সমস্যা নিয়ে ফোনে ব্যস্ত থাকার কারণেই মঞ্চে উঠতে পারেননি বলে সাফাই, ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তীর। চেয়ারম্যান অশোক মিত্রের অবশ্য দাবি, আতিথ্যেয়তায় কোনো খামতি ছিল না তাদের।
মুখ্যমন্ত্রীর অন্যতম স্বপ্নের প্রকল্প “মা ক্যান্টিন”। হাসপাতালে চিকিৎসা করাতে আসা দুঃস্থ রোগী ও তার পরিজনদের কথা মাথায় রেখে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে ” মা ক্যান্টিন” খুলবার উদ্যোগ নেয় পুরসভা। শুক্রবার যার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। যেখানে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র থেকে শুরু করে জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার রাহুল দে, সভাধিপতি, সহকারি সভাধিপতি সহ জেলা প্রশাসনের প্রায় সমস্ত আধিকারিকরাই উপস্থিত ছিলেন। যার মূল দায়িত্বেই ছিল বালুরঘাট পুরসভা। এদিন সেই উদ্বোধনকে ঘিরেই সামনে আসে পুরসভার দ্বিধাবিভক্ত চিত্র। মন্ত্রীর সাথে উদ্বোধনী মঞ্চে চেয়ারম্যান ও বেশকিছু কাউন্সিলরদের উপস্থিতি ও তৎপরতা লক্ষ্য করা গেলেও, মঞ্চের আশেপাশেই গেলেন না ভাইস চেয়ারম্যান সহ বেশকিছু কাউন্সিলররা। মঞ্চ থেকে যাদের একাধিকবার ডেকেও সাড়া পায়নি সঞ্চালক। আর যাকে ঘিরেই এদিন কার্যত সামনে এসেছে শাসক দলের দ্বিধাবিভক্ত রাজনীতি। যদিও বিষয়টিকে অন্যভাবে ব্যক্ত করেছেন পুরসভার ভাইস চেয়ারম্যান। তার দাবি, নিজের ওয়ার্ডের সমস্যা নিয়ে ফোনে ব্যস্ত থাকবার কারণেই মঞ্চে উঠতে পারেননি। তবে একদিকে মন্ত্রী বিপ্লব মিত্রের সাথে মঞ্চে প্রশাসনের আধিকারিক, চেয়ারম্যান ও কিছু কাউন্সিলরের উপস্থিতি এবং অন্যদিকে মঞ্চ থেকে দূরে দাঁড়িয়ে কানে ফোন লাগিয়ে নিজেকে ব্যস্ত রাখবার ভাইস চেয়ারম্যানের যে ছবি তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে গোটা শহরে। যদিও সবশেষে মা ক্যান্টিনের ফিতে কাটবার সময় কিছুটা মুচকি হেসে ভাইস চেয়ারম্যানকে ডেকে নিতে দেখা গেছে মন্ত্রী বিপ্লব মিত্রকে।
মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প “মা ক্যান্টিন”। শহরের পুরসভাতে চালু রয়েছে এই ক্যান্টিন। এবারে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর পরিজনদের জন্য ৫ টাকার এই ক্যান্টিন খুলে দেওয়া হল। যার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে।
ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী জানিয়েছেন, এধরণের কোনো বিষয় নেই। তার নিজের ওয়ার্ডে একটি ঝামেলা নিয়ে ফোনে ব্যস্ত থাকবার কারণেই মঞ্চে উঠতে পারেননি তিনি।
বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র এই প্রশ্নের উত্তরে বলেন, আমন্ত্রিতদের আতিথ্যেয়তায় কোনো খামতি রাখেনি পুরসভা। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিনের প্রধান অতিথিই সাধারণ মানুষ। তাদের আতিথ্যেয়তা যাতে কোনোভাবেই কম না হয় সেদিকটাই তিনি বেশি গুরুত্ব দিয়েছেন।

