Voter Card, Chandrakona, ড্রেনের মধ্যে থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড, চাঞ্চল্য চন্দ্রকোনার গোঁসাইবাজারে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: শনিবার দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভার ৫নং ওয়ার্ডের গোঁসাইবাজার এলাকায় একটি ড্রেনের মধ্যে প্রায় ৩০-৪০টি ভোটার কার্ড পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকাবাসীদের মধ্যে। তবে, কিভাবে ড্রেনের মধ্যে এতগুলি ভোটার কার্ড এলো, তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশ-প্রশাসনের তরফে।

জানা যায়, এদিন দুপুরে গোঁসাইবাজার এলাকার একটি ড্রেনে ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারপরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়দের মারফত খবর পৌঁছোয় বিডিও-র কাছে। তিনি বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে ভোটার কার্ডগুলি ড্রেন থেকে তুলে সংগ্রহ করে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক।

এই বিষয়ে চন্দ্রকোনা-২ নং ব্লকের বিডিও উৎপল পাইক বলেন, ‘স্থানীয়দের মারফত খবর পৌঁছনোর পরই বিষয়টি পুলিশকে জানিয়েছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে যেটুকু জানতে পেরেছি, খুব পুরনো বা পরিত্যক্ত কিছু ভোটার কার্ড। খুব বেশি হলে ৩০টির কাছাকাছি হবে। সম্ভবত বাড়ির পুরোনো ভোটার কার্ড হওয়ায়, কেউ ড্রেনের মধ্যে ফেলে দিয়ে গিয়েছে। চাঞ্চল্য ছড়ানোর মতো কিছু হয়নি। যদিও এসআইআর আবহে এনিয়ে শোরগোল পড়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *