পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি: কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য প্রদান এবং সড়ক সম্প্রসারণের জেরে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে বড়সড় পদক্ষেপ রাজ্য সরকারের। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের তেমাথানিতে ৫ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে একটি আধুনিক ও বহুতল বিশিষ্ট কৃষিজ বিপণন কেন্দ্র বা মার্কেট কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে। সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য কৃষিজ বিপণন পর্ষদের তত্ত্বাবধানে এবং পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির উদ্যোগে এই বিপণন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের কৃষিজ বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না। এদিনের অনুষ্ঠানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা সবংয়ের বিধায়ক মানসরঞ্জন ভুঁইঞা সহ প্রশাসনিক আধিকারিকরা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই অত্যাধুনিক বিপণন কেন্দ্রটি মূলত সবংয়ের কৃষকদের কথা মাথায় রেখে তৈরি করা হলেও, এর ফলে সবংয়ের পাশাপাশি পার্শ্ববর্তী আরও ছ’টি ব্লকের কৃষকরা প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের একটি প্রশাসনিক প্রতিশ্রুতিও পূরণ হতে চলেছে। উল্লেখ্য, এর আগে তেমাথানি- পটাশপুর রাজ্য সড়ক সম্প্রসারণের সময় তেমাথানি এলাকার বহু ব্যবসায়ীকে উচ্ছেদ করা হয়েছিল। তখন প্রশাসনের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, রাস্তার কাজ সম্পূর্ণ হওয়ার পরে ওই উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের জন্য একটি মার্কেট কমপ্লেক্স তৈরি করে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি মতোই এই বহুতল মার্কেট কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো এদিন।

প্রশাসন ও স্থানীয় সূত্রে আশা প্রকাশ করা হয়েছে যে, এই কেন্দ্রটি সম্পূর্ণ হলে কৃষকরা যেমন মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ছাড়াই ফসলের ন্যায্য দাম পাবেন, তেমনই উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরাও নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন, যা এলাকার গ্রামীণ অর্থনীতিকে আরও সুদৃঢ় করবে। রাজ্যের মন্ত্রী মানসরঞ্জন ভুঁইঞা বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কারোর চোখের জল ঝরতে দেবেন না। রাস্তা সম্প্রসারণের জন্য যাদের সরানো হয়েছিল, তাদের পুনর্বাসন দেওয়া হলো। আমরা কথা দিয়েছিলাম, কথা রাখলাম।’

