আমাদের ভারত, ২ অক্টোবর: লাদাখ সীমান্তে আবারও উস্কানি দিতে শুরু করেছে চিন। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বারবার নিজেদের গতিবিধি বাড়িয়েছে লাল ফৌজ। শনিবার লাদাখের একাধিক এলাকা পরিদর্শন করে একথা জানিয়েছেন সেনাপ্রধান মুকুন্দ নারাভানে।
চিনা সেনার গতিবিধি নজরে আসতেই পাল্টা সেনা মোতায়েন বাড়িয়ে দিয়েছে ভারতও। এছাড়াও সীমান্তে বজ্র মোতায়েন করেছে ভারত। শত্রু পক্ষের ওপর ৫০ কিলোমিটার দূর থেকেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই ট্যাঙ্ক। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর কড়া নজরদারি চালানো হচ্ছে বলেও জানিয়েছেন সেনা প্রধান।
আগামী সপ্তাহেই চিনের সঙ্গে ১৩ দফায় সেনা স্তরীয় বৈঠকে বসতে চলেছে ভারত। তার আগেই সীমান্তে চিনের সেনা বৃদ্ধিকে নতুন অশনীসংকেত বলেই মনে করছেন অনেকে। পূর্ব লাদাখ বরাবর চিনা নির্মাণ ও আগ্রাসন গত বছরের জুন মাসে গালওয়ানে রক্তাক্ত স্মৃতিকে উস্কে দিচ্ছে। এই অবস্থায় চিন কোন রখম যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।
শুক্রবার সীমান্তে সেনা প্রস্তুতি খতিয়ে দেখেন নারাভানে। তিনি জানান গত ছয় মাসে ভারত-চিন পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছিল। শেষ ১২ দফা বৈঠকের ফলাফল ইতিবাচক দেখা গিয়েছে। সেনা সরিয়েছে দু’দেশই। কিন্তু সীমান্তে কেন আবার চিন গতিবিধি বাড়াচ্ছে তা বোঝা মুশকিল। তবে ভারতীয় সেনাও সব রকম ভাবে তৈরি বলে দেশবাসীকে আশ্বস্ত করেন সেনাপ্রধান নারাভানে। তিনি লাদাখের বিভিন্ন প্রান্তে গিয়ে সেনা কর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন।

