প্রতীতি ঘোষ, আমাদের ভারত, ১২ জুন: “বিজেপিতে থাকা কালীন অনেকেই আমাদের দুঃসময়ে খোঁজ নেয়নি। “বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দান করার পর শনিবার সকালে সাংবাদিকদের মুখমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। শুক্রবার তৃণমূলে যোগদান করার পর মুকুল রায় ও শুভ্রাংশু রায় বাড়ি ফিরে আসেন। এরপর শনিবার নিজ বাসভবনে দাঁড়িয়ে শুভ্রাংশু রায় বলেন, “মা’কে সুস্থ করে ফিরিয়ে আনাই প্রথম চ্যালেঞ্জ, তবে বিজেপি অনেকেই দু:সময়ে খবর নেয়নি।”
এদিন তিনি অর্জুন সিংয়ের নাম না করে অর্জুন সিংয়ের উদ্দেশ্যে বলেন”, আমি এখানকার বিধায়ক ছিলাম এখন হেরে গেছি কিন্তু তাও আমাদের এই দুঃসময়ে বিজেপি সাংসদ আমাদের খবর নেয়নি, একটা ফোন পর্যন্ত করেননি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে থেকেছেন আমাদের সাথে যোগাযোগ রেখেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সব কর্মীদের পাশে সব সময় থাকেন, তিনি আমাদের পাশেও থাকবেন। বিন্দুতেই সিন্ধু হয়। এই সমস্ত টুকরো টুকরো ঘটনা থেকেই আমরা তৃণমূলে যাবার কথা ভেবেছিলাম। তাছাড়া যে দল মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে তাদেরকে নানাভাবে সমস্যায় ফেলা হচ্ছে এটা ঠিক না। এই
বিষয়টা আমার ও আমার বাবার ঠিক লাগেনি।”
তবে অর্জুন সিং মুকুল রায়ের বিরুদ্ধে যে তথ্য পাচারের অভিযোগ এনেছে সে বিষয়ে মুখ খুলতে চাননি শুভ্রাংশু রায়। তিনি এদিন কৌশলে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, “সাংসদ অনেক সিনিয়ার এবং পিতৃ তুল্য।”

