স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ মার্চ:
আগামী ২৬ মার্চ মনোনয়নপত্র জমা দিয়ে প্রচারে নামবেন বলে ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে যোগ দিতে এসে তিনি জানান আজকে তিনি এখানে এসেছেন দলের অন্যান্য প্রার্থীদের সঙ্গে আলোচনা করতে। প্রসঙ্গত, কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে তিনি বিজেপির মনোনীত প্রার্থী। দলের প্রচারে বিভিন্ন জায়গায় পুলিশি বাধা প্রসঙ্গে তিনি জানান, আমরা সর্বাঙ্গীক ভাবে রাজনৈতিক লড়াই করব নির্বাচন কমিশনের সঙ্গে।

শুভেন্দু প্রসঙ্গে তিনি জানান, শুভেন্দুর নামে কেস হয়েছে, প্রচুর কেস হবে, লড়াই হবে। আমরা যেভাবে এর মোকাবিলা করার দরকার সেভাবেই করব। শিশির অধিকারীকে নন্দীগ্রামে গো ব্যাক প্রসঙ্গে তিনি বলেন, এটা দেখানো হচ্ছে তৈরি করা হচ্ছে। পাশাপাশি তিনি সাংবাদিকদের জানান, ভারতীয় জনতা পার্টি এবার নিশ্চিত করে ক্ষমতায় আসবে। সাংবাদিক সম্মেলনের পর এদিন মুকুল রায়ের হাত ধরে বিভিন্ন দল থেকে আগত ৫০০ জন কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেন।

