নীল বণিক, আমাদের ভারত, কলকাতা ১১ জুন:
দলবদলকারীদের নিয়ে জরুরি বৈঠক তৃণমূল ভবনে। আজ বিকেল তিনটের সময় তৃণমূল কংগ্রেস ভবনে আলোচনায় বসছে রাজ্য নেতৃত্ব। মুকুল রায়, রাজিব বন্দ্যোপাধ্যায়কে নিয়েও আালোচনা হবে বলে দলীয় সূত্রের খবর। তার আগে অনুগামীদের নিয়ে মুকুল রায় আলোচনায় বসেছেন বলে বিশেষ সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত গতকালই মুকুল রায়কে নিয়ে নরম মনোভাব প্রকাশ করেছিলেন সৌগত রায়। রাজীব বন্দ্যোপাধ্যায় কে নিয়ে নরম মনোভাব প্রকাশ করেছিলেন ফিরহাদ হাকিম। এরমধ্যেই মুকুল রায়ের অনুগামীরা বলতে শুরু করেন আজ বিকেলেই বিজেপি ত্যাগ করছেন মুকুল রায়। তার আগে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দেবেন তিনি। এরপরই কথা বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যেতে পারেন বলে জল্পনা চলছে। তবে, এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি মুকুল রায়। তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বও সরকারিভাবে কিছু বলেনি।
মুকুল রায়ের ঘনিষ্ঠ মহলের দাবি, সল্টলেকে দাদা একটি বৈঠক ডেকেছেন। অনুগামীদের নিয়ে এই বৈঠক শুরু হয়েছে। এখানেই সমস্ত পরিষ্কার হয়ে যাবে বলে মনে করছেন মুকুল অনুগামীরা।

