নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৪ মে:
করোনা আক্রান্ত হয়ে বাড়িতে বিজেপি নেতা মুকুল রায়। তাঁর স্ত্রীও করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। বর্তমানে মুকুল রায়ের স্ত্রী সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি।
করোনা আক্রান্ত হলেও মুকুল রায়ের অবস্থা স্থিতিশীল। কয়েকদিন আগেই সর্বভারতীয় বিজেপির সহ-সভাপতির শুধু উপসর্গ দেখা দেয়। চিকিৎসকরা তাঁকে কোভিড টেস্ট করার পরামর্শ দিয়েছিলেন। চিকিৎসকদের পরামর্শ মতো মুকুল রায় ও তার স্ত্রী কোভিড পরীক্ষা করান। মুকুল রায় আক্রান্ত হওয়ার পরেও সম্পূর্ণ স্থিতিশীল বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকরা। যদিও চিকিৎসকরা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতিকে নিয়ে প্রথমে একটু চিন্তায় ছিলেন। গত বছর অসুস্থ হয়ে পাতালে ভর্তি ছিলেন। অস্ত্রোপচার হয়েছিল। মুকুল রায়ের সুগার রয়েছে। দ্রুত মুকুল রায়কে সুস্থ করার জন্য চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।
মুকুল রায়ের করোনা পজিটিভ হওয়ায় আরোগ্য কামনা করেছেন বিজেপি নেতারা। দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অনুগামী এবং কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিজেপি কর্মীরা।

