Train, Jayarambati-Bankura, বহু প্রতিক্ষীত জয়রামবাটী- বাঁকুড়া ট্রেন চালু, ব্যাপক উদ্দীপনা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৮ জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দীর্ঘ প্রতিক্ষীত জয়রামবাটী- বাঁকুড়া রেলপথে জুড়ে গেল। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরের সভা থেকে রিমোটের সাহয‍্যে এই রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পূর্ব রেল সূত্রে জানাগেছে, বাঁকুড়া- ময়নাপুর- বাঁকুড়া লোকাল মেমু ট্রেনটিই সম্প্রসারিত করা হয়েছে জয়রমবাটী পর্যন্ত। সোমবার থেকে ট্রেনটি সারদা মায়ের স্মৃতি বিজড়িত জয়রামবাটী থেকে পর্যটন কেন্দ্র ময়নাপুর, জয়পুর, বিরসা- মুন্ডা, গোকুলনগর এবং মন্দির নগরী বিষ্ণুপুর হয়ে বাঁকুড়া যাবে। জয়রামবাটী স্টেশনে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার ডিআরএম গৌতম রায়, জয়রামবাটী রামকৃষ্ণ মিশনের স্বামীজি, বিধায়ক দিবাকর ঘরামি ও বিধায়ক নির্মল ধাড়া সহ বহু বিশিষ্ট ব্যক্তি। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এদিন দুপুর ২টো ৪৫ মিনিটে জয়রামবাটী থেকে ট্রেনটি প্রথম যাত্রা শুরু করে।বাঁকুড়া পৌঁছায় বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ। সোমবার ১৯ জানুয়ারি থেকে নিয়মিত যাতায়াত করবে ট্রেনটি। বর্তমানে বাঁকুড়া ও জয়রামবাটীর মধ্যে দিনে একবার করে যাবে ও আসবে। প্রতিদিন
ট্রেনটি সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বাঁকুড়া থেকে ছাড়বে জয়রামবাটী পৌঁছবে রাত ৮টায়। ফের সেখান থেকে রাত ৮টা ১০-এ ছেড়ে বাঁকুড়ায় পৌঁছবে রাত ১০টায়। বাঁকুড়া ও জয়রামবাটীর মধ্যে ভেদুয়াশোল, ওন্দাগ্রাম,রামসাগর, বিষ্ণুপুর, বিরসা- মুন্ডা, গোকুলনগর- জয়পুর, ময়নাপুর ও বড়গোপীনাথপুর ৮টি স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। এতদিন বাঁকুড়া থেকে ময়নাপুর পর্যন্ত ট্রেনটি চলাচল করছিল। এ বার ময়নাপুরের সঙ্গে বড়গোপীনাথপুর হয়ে জয়রামবাটী জুড়ে গেল। এই নতুন অংশের রেলপথের দৈর্ঘ্য প্রায় ১৫ কিলোমিটার।

এই প্রেক্ষিতে উল্লেখ্য, বহু আকাঙ্খিত তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পের অংশ এটি। এতে এই রেল সংযোগ আরও এক ধাপ এগোল। এই সম্প্রসারণের ফলে জয়রামবাটীর পর্যটন যেমন সুবিধা পাবে তেমনই জেলা ও মহকুমা শহর বাঁকুড়া ও বিষ্ণুপুর আসতেও সুবিধা হবে ওই এলাকার বাসিন্দাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *