স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ ফেব্রুয়ারি: ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। অথচ বুক চিতিয়ে লড়াইয়ের সাহস আছে মনে। শান্তিপুর পৌর নির্বাচনের ২৪ নম্বর ওয়ার্ডের যুবক মৃণাল মাহাতো সিপিআইএম প্রার্থী।

গত ২০১৫ সালের পুরনির্বাচনে, সিপিএম সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে অনিমা প্রামানিক মন্ডলকে তৃণমূলী জয়ের ঝড়ের মাঝেও বামপন্থী হিসেবে জিতিয়ে আনতে মৃণালের ভূমিকা ছিল অনবদ্য। যদিও পরবর্তীতে সিপিএম কর্মী-সমর্থক নিয়ে বাম সমর্থিত নির্দল প্রার্থী তৃণমূলে যোগদানের ফলে, ধুয়ে মুছে সাফ হয়েছিল বামপন্থা। তখন থেকেই ওয়ার্ডে আবার লাল পতাকা উত্তোলনের স্বপ্ন দেখেছিলো দরিদ্র আদিবাসী পরিবারের মৃণাল। সকাল ১০ টা পর্যন্ত চাষের মাঠে চলছে প্রচার, পরবর্তী সময়ে বাড়ি বাড়ি গিয়ে। দুপুরের যে সময়টি কারোর বাড়িতে যাওয়া সম্ভব হয় না তখন তিনি নিজের নামে দেওয়াল লিখছেন নিজেই।


