সাংসদ সুকান্তর হাত ধরে স্টপেজ স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন রামপুরে, জয় শ্রীরাম ও খেলা হবে ধ্বনিতে মুখরিত এলাকা

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৬ ফেব্রুয়ারি: সাংসদ সুকান্ত মজুমদারের হাত ধরে রামপুরে আনুষ্ঠানিক উদ্বোধন হল স্টপেজ স্টেশনের। জয় শ্রীরাম ধ্বনির সাথে এবার ‘খেলা হবে’ শ্লোগান তুললেন মঞ্চের নীচে বসে থাকা মানুষজনরা। সোমবার রাতে তপন ব্লকের রামপুর এলাকায় আয়োজিত উত্তর–পূর্ব ফ্রন্ট ইয়ার রেলের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে স্টপেজ স্টেশনের উদ্বোধন করেন সাংসদ সুকান্ত মজুমদার। সবুজ পতাকা নাড়িয়ে স্টপেজ স্টেশন থেকে ট্রেন ছাড়বার সংকেত দেন ডিআরএম ও সাংসদ।

দক্ষিণ দিনাজপুর জেলায় রামপুর স্টেশনে দীর্ঘদিন ধরে স্টপেজের দাবি করে আসছিলেন এলাকার বাসিন্দারা। জেলার রেল উন্নয়ন কমিটিগুলির তরফেও একাধিকবার দাবি দাওয়া পেশ করা হয় রেলের আধিকারিকদের কাছে। সাংসদ সুকান্ত মজুমদার নিজেও উদ্যোগী হন স্টপেজ স্টেশন চালু করার। আর যার পরেই সমস্ত দিক বিবেচনা করে গতকাল রাতে রামপুর স্টেশনে স্টপেজ দেওয়া হয়। সাংসদ সুকান্ত মজুমদার ছাড়াও আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন উত্তর–পূর্ব ফ্রন্টিয়ার রেলের ডিআরএম রাহুল কুমার বর্মা। সোমবার রাত দশটা নাগাদ কলকাতা থেকে আসা তেভাগা এক্সপ্রেসকে সবুজ পতাকা দেখিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। এদিন সাংসদকে হাতের কাছে পেয়ে অনান্য ট্রেনগুলিরও স্টপেজের দাবি জানিয়েছেন বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা তৃষ্ণা বনিক জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে তিনি ট্রেনে যাতায়াত করেন। রামপুর এলাকায় স্টপেজ না থাকায় অনেকটা পথ ঘুরে ট্রেন ধরতে হত তাঁকে। এলাকার বাসিন্দাদের দীর্ঘ দিনের এই সমস্যা বর্তমানে দূর হবে বলে মনে করেন। শুধু তাই নয়, অনান্য ট্রেনগুলিরও স্টপেজের দাবিতে এদিন একটি লিখিত দাবিপত্র তুলে দিয়েছেন সাংসদের হাতে।

ডিআরএম রাহুল কুমার বর্মা বলেন, দু’মিনিটের স্টপেজ স্টেশন চালু করা হয়েছে রামপুরে। আগামীতে যাত্রীদের চাহিদা মতো যাবতীয় কিছু পূরণ করা হবে এই স্টেশনে।

সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, রামপুর স্টেশনে স্টপেজের দাবি দীর্ঘ দিন ধরেই করে আসছিলেন এলাকার বাসিন্দারা। সকলের কথা চিন্তা করে রেল দপ্তর তা মঞ্জুর করেন। এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *